ফতুল্লায় স্কুলছাত্র অপহরণের ঘটনায় গ্রেফতার ৪


প্রকাশিত: ১২:২২ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০১৭

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্কুলছাত্র জুবায়ের আহম্মেদ অপূর্বকে (১৬) অপহরণের ঘটনায় চার যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তবে স্কুলছাত্র অপহরণের ১১দিন অতিবাহিত হলেও এখনো তাকে উদ্ধার করতে পারেনি।

সোমবার সকালে ফতুল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে স্কুলছাত্রকে অপহরণের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে তাদেরকে গ্রেফতার করে দুপুরে পুলিশ তা নিশ্চিত করেছে। তারা অপহরণের দায়েরকৃত মামলার এজারভুক্ত আসামি।

গ্রেফতারকৃত সানী (২০) ফতুল্লার কায়েমপুর এলাকার মিলন মিয়ার ছেলে, তল্লা এলাকার নজরুল ইসলাম লেকুর ছেলে জয় (১৮), মিনাল মিয়ার ছেলে ইয়ামিন (২০) ও সবুজ মিয়ার ছেলে নুরুল ইসলাম (১৭)।

ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তুষার কান্তি দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার নূর হোসেনের ছেলে জুবায়ের আহম্মেদ অপূর্ব সিদ্ধিরগঞ্জের মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যানিকেতন স্কুলের ৭ম শ্রেণির ছাত্র।

গত ৮ ফেব্রুয়ারি সকাল ৯টায় নূর হোসেনের স্ত্রী আয়েশা আক্তার আশা পারিবারিক কাজে বাড়িতে বাড়িতে যায়। ওদিন সকাল ১০টায় আলোর দিশারী কোচিং সেন্টার যাওয়ার কথা বলে বাসা হতে বের হয়ে যায় অপূর্ব।

কোচিং সেন্টারে পৌঁছানোর আগে গ্রেফতারকৃত চারজনসহ আরও কয়েকজন একটি গাড়িতে করে জোরপূর্বক জুবায়েরকে অপহরণ করে নিয়ে যায়।  

এ ঘটনায় স্কুলছাত্রের মা আয়েশা আক্তার আশা বাদী ফতুল্লা মডেল থানায় মামলা করেন। পরে ফতুল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে অপহ্নত স্কুলছাত্রকে উদ্ধারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।

মো. শাহাদাত হোসেন/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।