টিকাদান কর্মসূচিতে ছেদ পড়ায় হামের প্রাদুর্ভাব ঘটেছে: স্বাস্থ্যসচিব

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪৪ পিএম, ১১ এপ্রিল ২০২৬
ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতাল আয়োজিত সেমিনারে বক্তব্য দেন স্বাস্থ্যসচিব মো. কামরুজ্জামান চৌধুরী/ছবি: সংগৃহীত

টিকাদান কর্মসূচিতে গত চার বছর কিছুটা ছেদ পড়ায় দেশে এখন হামের প্রাদুর্ভাব ঘটেছে। তবে বর্তমানে পরিস্থিতি মোকাবিলায় সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যসচিব মো. কামরুজ্জামান চৌধুরী।

শনিবার (১১ এপ্রিল) বিশ্ব পারকিনসন দিবস উপলক্ষে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতাল আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যসচিব জানান, রোববার (১২ এপ্রিল) থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং বরিশাল সিটি করপোরেশনে হামের টিকাদান কার্যক্রম শুরু হবে।

দেশে হামের টিকার কোনো ঘাটতি নেই উল্লেখ করে কামরুজ্জামান চৌধুরী বলেন, গবেষক ও পরামর্শক দলের সুপারিশ অনুযায়ী ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে টিকার আওতায় আনা হচ্ছে।

হামের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘গত সরকারের সময় টিকাদান কর্মসূচিতে বিঘ্ন ঘটায় বর্তমানে দেশব্যাপী হামের প্রভাব বেড়েছে। নিয়মিত টিকাদান কার্যক্রম অব্যাহত থাকলে এ পরিস্থিতির সৃষ্টি হতো না।’

স্বাস্থ্যসচিব জানান, বর্তমানে শিশুদের জন্য দেশব্যাপী টিকাদান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আগামী ২০ এপ্রিল থেকে সারাদেশে এ কর্মসূচি সম্প্রসারণ করা হবে। তিনি আশা প্রকাশ করেন, সবার সহযোগিতায় দ্রুত সময়ের মধ্যে হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

অনুষ্ঠানে আরও অংশ নেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক ডা. জহিরুল ইসলাম শাকিল, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসসহ চিকিৎসা খাতের শীর্ষ কর্তারা। 

এসইউজে/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।