টোটাল ফ্যাশনের ম্যানেজারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা


প্রকাশিত: ১১:১৭ এএম, ২২ ফেব্রুয়ারি ২০১৭

নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় ডিবি পুলিশ পরিচয়ে সিটিউরিটি গার্ডকে তুলে নিয়ে জমি দখলের ঘটনায় টোটাল ফ্যাশন নামের গার্মেন্টসের ম্যানেজারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
 
বুধবার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। এর আগে মঙ্গলবার রাতে জমির মালিক মীর ফখরুল ইসলামের কেয়ারটেকার আবু সাঈদ বাদী হয়ে বন্দর থানায় মামলা করেন।

মামলার আসামিরা হলেন, বন্দর উপজেলার কামতাল এলাকার টোটাল ফ্যাশনের ম্যানেজার কবিরুল ইসলাম, কামতালের সমসের আলীর ছেলে স্থানীয় দালাল শফর উদ্দিন শপ্পা ও সামসু মিয়ার ছেলে আব্দুল লতিফসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন।
 
মামলার অভিযোগপত্র থেকে জানা যায়, মৃত মীর জালালউদ্দিনের ছেলে মীর ফখরুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে নারায়ণগঞ্জ বন্দর উপজেলা ধামগড় ইউপির কামতালে ৩০-৩৫ বিঘা জমি ভোগদখল করে আসছেন।

ওই জমিতে স্থানীয় চেয়ারম্যান মাসুম আহম্মেদের মাধ্যমে বালু ভারাট করেন। ভরাট করা সম্পত্তিতে চেয়ারম্যানের লোকজন দেয়াল নির্মাণের কাজও করেন।

গত শনিবার রাতে একই এলাকার টোটাল ফ্যাশন কারখানার মালিক হাসিব উদ্দিনের সন্ত্রাসী বাহিনী অস্ত্রের মুখে কেয়ারটেকার নুরুল ইসলামকে জিম্মি করে ১০ বিঘা জমি দখল করে নেয়।

এ সময় টোটাল ফ্যাশন মালিকপক্ষের লোকজন কেয়ারটেকারকে চোর আখ্যা দিয়ে পুলিশে সোপর্দ করতে চেয়েছিল। পরে ঘটনার বিষয়ে বন্দর থানা পুলিশ তদন্ত করতে গিয়ে টোটাল ফ্যাশনের কর্মকাণ্ডের আসল রহস্য বেরিয়ে আসে। পরে ডিবি পুলিশ পরিচয়ে জমি দখলের চেষ্টা আর সিকিউরিটি গার্ডকে তুলে নেয়ার ঘটনায় মামলা করা হয়।

বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম মামলা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জমি দখলের ঘটনায় টোটাল ফ্যাশনের মালিক পক্ষের অভিযুক্ত ব্যক্তিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

মো. শাহাদাত হোসেন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।