কাঁচপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে


প্রকাশিত: ০৪:৪৪ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৭

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের শিল্পনগরী কাঁচপুর এলাকার রফতানিমুখী শিল্প কারখানা সিনহা ওপেক্স গ্রুপের কারখানায় লাগা আগুন নেভানো হয়েছে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

সোমবার সকাল সোয়া ৭টায় দিকে সিনহা গ্রুপের ভবনের ১২ তলায় সুইং সেকশনে ওই অগ্নিকাণ্ডে মেশিনারিজ, সুতা, ফেব্রিক্সসহ অন্যান্য মালামাল পুড়ে গেছে। তবে অগ্নিকাণ্ডের সময় কারখানা বন্ধ থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে সূত্রমতে জানা গেছে।

এদিকে সিনহা গ্রুপে অগ্নিকাণ্ডের ঘটনার পর কারখানার ভেতরে গণমাধ্যমকর্মী কাউকে প্রবেশ করতে দেয়নি কারখানা কর্তৃপক্ষ।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের হেড কোয়ার্টারের সহকারী পরিচালক মাসুদুর রহমান আকন্দ জানান, সকাল সোয়া ৭টায় আগুনের খবরে পেয়ে তাদের ৯টি ইউনিট কাজ শুরু করে। সকাল সাড়ে ৯টায় আগুন নিয়ন্ত্রণে অানা সম্ভব হয়। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে তাৎক্ষণিক কিছু বলতে পারেননি তিনি।

সিনহা ওপেক্স গ্রুপের জেনারেল ম্যানেজার (জিএম) তাজোয়ার হোসেন জানান, কারখারার সুইং সেকশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অাগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক নিরুপণ করা যায়নি। তবে বেশ কয়েকটি মেশিন, ফেব্রিক্সসহ অন্যান্য মালামাল পুড়ে গেছে। নিজস্ব তদন্তের পর এ ব্যাপারে জানানো হবে বলে তিনি জানান।

শাহাদাত হোসেন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।