পারটেক্স গ্রুপের কারখানায় আগুন, ২৫ কোটি টাকার ক্ষতি
নারায়ণগঞ্জের বন্দরে পারটেক্স গ্রুপের পার্টিকেল বোর্ড কারখানাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৫ কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেছে মালিক পক্ষ।
সোমবার বিকেলে কারখানার ফার্নিচার তৈরির ক্যামিকেল সেকশনের এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঢাকার ডেমরা, বন্দর, আড়াইহাজার ও আদমজী ইপিজেড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৭টি ইউনিট দীর্ঘ দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে, আগুন নেভাতে গিয়ে আহত হয়েছে অন্তত ৫ জন। যাদের মধ্যে মেকানিক্যাল মিস্ত্রি রুবেল ও ইলেক্ট্রনিক মিস্ত্রি সুকুমার রয়েছেন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মামুনুর রশিদ জানান, পারটেক্স গ্রুপের পার্টিকেল বোর্ড মিলের চারতলা ভবনের তৃতীয় তলায় ফার্নিচার সেকশনের কাজ হয়। সেখানে আগুনে লেগেছে। নিয়ন্ত্রণে ৭টি ইউনিট দীর্ঘ দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
পারটেক্স পার্টিকেল বোর্ড কারখানার এজিএম আবদুল লতিফ জানান, কারখানার চারতলা ভবনের তৃতীয় তলায় কেমিক্যাল সেকশনে পারটেক্সের পার্টিকেল বোর্ড লেমেনেটিং করা হয়। এজন্য সেখানে প্রচুর বিদেশি মেশিন ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।
এছাড়া সেখানে অনেক কেমিক্যাল ও পারটেক্স বোর্ড ছিল। আগুনে কেমিক্যাল ও মেশিন পুড়ে গেছে। বোর্ড থাকায় দ্রুত আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনে অন্তত ২০-২৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, সোমবার বিকেল সাড়ে ৫টার সময় মিলের চারতলার কেমিক্যাল সেকশন থেকে আগুন লাগে। আগুন লাগার পর তা মুহূর্তেই মেশিনারিজ রুমে ছড়িয়ে পড়ে। এতে পুড়ে যায় কেমিক্যালসহ মূল্যবান মেশিনারিজ। তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কারখানায় নিরাপত্তায় কাজ করেছে।
মো. শাহাদাত হোসেন/এএম/পিআর