মুফতি হান্নানকে বহনকারী প্রিজন ভ্যানে বোমা নিক্ষেপের ঘটনায় মামলা


প্রকাশিত: ০৫:০৫ এএম, ০৭ মার্চ ২০১৭

গাজীপুরের টঙ্গীতে হরকাতুল জেহাদ নেতা মুফতি হান্নান ও তার সহযোগীসহ ১৯ আসামিকে বহনকারী প্রিজন ভ্যান লক্ষ্য করে হাত বোমা নিক্ষেপের ঘটনায় মামলা হয়েছে। সোমবার দিবাগত রাতে টঙ্গী থানায় মামলাটি দায়ের করা হয়।

টঙ্গী থানা পুলিশের ডিউটি অফিসার এসআই মো. সাইফুল ইসলাম জানান, মুফতি হান্নান ও তার সহযোগীসহ ১৯ আসামি বহনকারী প্রিজন ভ্যান লক্ষ্য করে বোমা নিক্ষেপের ঘটনায় টঙ্গী থানার এসআই অজয় কুমার চক্রবর্তী বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেছেন। মামলায় ঘটনাস্থল থেকে আটক মোস্তফা কামালসহ আরো অজ্ঞাত ৩/৪ জনকে আসামি করা হয়েছে।

প্রসঙ্গত, ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী হত্যা চেষ্টা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত হরকাতুল জেহাদ নেতা মুফতি হান্নান ও তার সহযোগীসহ ১৯ আসামিকে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার হাজিরার জন্য কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে সোমবার সকালে ঢাকায় আদালতে পাঠানো হয়। হাজিরা শেষে প্রিজন ভ্যানে করে কাশিমপুরের ওই কারাগারে ফিরিয়ে আনার পথে বিকেল সাড়ে ৫টার দিকে টঙ্গীর কলেজ গেট এলাকায় পৌঁছালে প্রিজন ভ্যান লক্ষ্য করে মোস্তফা কামাল নামে এক ব্যক্তি হাত বোমা নিক্ষেপ করে।

এ সময় দুটি বোমা রাস্তায় পড়ে বিস্ফোরিত হয়। এ ঘটনায় কেউ আহত হয়নি এবং প্রিজন ভ্যানেও বোমা লাগেনি। ঘটনাস্থল থেকে ককটেল, সাউন্ড গ্রেনেড, চাপাতিসহ মোস্তফা কামালকে আটক করে পুলিশ।

এদিকে, ওই প্রিজন ভ্যানটি সন্ধ্যা পৌনে ৭টার দিকে আসামিদের নিয়ে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে নিরাপদে ফিরে।

আমিনুল ইসলাম/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।