‘মরদেহের উপর দিয়ে ক্ষমতায় যাওয়া যায় না’
অগ্রণী ব্যাংকের পরিচালক অ্যাডভোকেট বলরাম পোদ্দার বলেছেন, ‘মানুষ পুড়িয়ে মরদেহের উপর দিয়ে ক্ষমতায় যাওয়া যায় না। যাদের মনুষ্যত্ববোধ আছে তারা দেশকে সহিংসতার আগুনে পোড়াতে পারেন না। আন্দোলনের নামে নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে বিএনপি শুধু শক্তিরই অপব্যবহার করছে। এ অপশক্তির বিরুদ্ধে জনগণকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
রোববার সকালে পেট্রলবোমা হামলায় নিহত আবুল কালামের পরিবারকে নগদ অর্থ ও গাভী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামের ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোতালেব হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জসীম সরদার, রাংতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরদার রেজাউল করিম, ইউপি সদস্য মো. আলাউদ্দিন মোল্লা, ইউনিয়ন যুবলীগ নেতা রিপন সরদার, সমাজ সেবক রণজিৎ বৈদ্য, আ. জব্বার মোল্লা, মো. জালাল হাওলাদার প্রমুখ।
পরে তিনি রাংতা প্রাক-প্রাথমিক বিদ্যালয়, রাংতা মাধ্যমিক বিদ্যালয় ও রাংতা সার্বজনীন দূর্গামন্দির পরিদর্শন করেন।
এমজেড/একে/আরআই