হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
চট্টগ্রাম তথা দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে নমুনা ডিম ছেড়েছে মা মাছ। সোমবার সকালে হালদা নদীর গড়দুয়ারা থেকে মার্দাশা পর্যন্ত মা মাছ এ ডিম ছাড়ে। আসছে পূর্ণিমাতে প্রবল বৃষ্টিসহ পাহাড়ি ঢল থাকলে মা মাছ পুরোপুরি ডিম ছাড়তে পারে বলে জানান পোনা সংগ্রহকারীরা।
উপজেলা মৎস্য বিভাগ ডিম ফুটানোর জন্য হাটহাজারী এলাকায় মদুনাঘাট শাহ মাদারী, মাছুয়াগোনা ও গড়দুয়ারা এবং রাউজানের কাগতিয়া, মোবারকখীল ও পশ্চিম গহিরা হ্যাচারি প্রস্তুত রেখেছে। যেন মা মাছ ডিম ছাড়ার সঙ্গে সঙ্গেই আহরণকারীরা ডিম ফুটাতে পারে।
দুর্বৃত্তরা যেন ডিম লুট করতে না পারে সেজন্যও হালদা নদীর রাউজান ও হাটহাজারী উপজলোর প্রায় ২০ কিলোমিটার অংশে পাহাড়া বসিয়েছে বলে মৎস্য অধিদপ্তর সূত্র জানায়।
এমজেড/আরআই