মাঠে খাবার নিতে দেরি করায় স্ত্রী খুন


প্রকাশিত: ০২:৩৫ পিএম, ২১ এপ্রিল ২০১৫

মাঠে দুপুরের খাবার নিতে দেরি হওয়ায় যশোরে পারভীন বেগম (৩৫) নামে এক গৃহবধূকে রেঞ্জ দিয়ে আঘাত করে তার স্বামী হত্যা করেছে। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার লেবুতলা গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। পুলিশ সন্ধ্যায় লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। পারভীন লেবুতলা গ্রামের মন্তাজের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে মোনতাজ মাঠে কৃষি কাজ করছিলেন। দুপুরের খাবার নিয়ে স্ত্রী পারভীন মাঠে যান। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মন্তাজ উত্তেজিত হয়ে হাতে থাকা রেঞ্জ দিয়ে পারভীনের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয় ক্লিনিকে তাকে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি মারা যান। খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ পারভীনের লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

এ ব্যাপারে যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার আক্কাস আলী বলেন, প্রাথমিকভাবে জানা গেছে উত্তেজিত হয়ে স্বামী মন্তাজ রেঞ্জ (এক ধরনের মেরামত যন্ত্র) দিয়ে মাথায় আঘাত করলে স্ত্রী পারভীন মারা যান। ঘটনার পর থেকে মন্তাজ পলাতক রয়েছে।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।