ভাগিনাকে অপহরণ করে মামার মুক্তিপণ দাবি
নিজ ভাগিনাকে অপহরণ করে ছয় লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে আপন মামা। ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের বাকলিয়া থানার আবদুল লতিফ হাট ব্যাংক কলোনি এলাকায়।
মামার নাম খোরশেদ আলম (২০)। তিনি সোমবার ভাগিনা রায়িদ বিন কামালকে অপহরণ করে মুক্তিপণ দাবি করেন।
পুলিশ সূত্র জানায়, খোরশেদ আলম (২০) চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক্স বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। বাড়ি সাতকানিয়া থানার ছমদরপাড়ায়। তিনি বড় বোন শাহিন আক্তারের বাকলিয়া থানার ব্যাংক কলোনির বাসায় থাকতেন। প্রতিদিন সকালে তিনি ভাগিনাকে নিয়ে বাসা থেকে বের হন। অপহরণের দিনও ঠিক ১১টার দিকে ভাগিনাকে নিয়ে বাসা থেকে বের হয় খোরশেদ। সকাল গড়িয়ে দুপুর হতে চললেও রাইদকে বাসায় ফিরে আসতে না দেখে আশপাশে খোঁজাখুঁজি করার পর পুলিশকে জানানো হয়।
এদিকে অপহরণকারীরা রাইদের মুক্তিপণ হিসেবে ছয় লাখ টাকা দাবি করে। বুধবার গোয়েন্দা পুলিশের সহযোগিতায় রাতে ফটিকছড়ি উপজেলার আদর্শগ্রাম এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে তাদের আদালতে হাজির করা হলে আদালত তার মায়ের জিম্মায় শিশুটিকে তুলে দেন। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে পুলিশ জানায়।
এসএস/এমএএস/আরআইপি