শাহ আমানতে সাড়ে চার কেজি স্বর্ণ উদ্ধার
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চার কেজি ৬৬৫ গ্রাম ওজনের ৪০টি স্বর্ণের বারসহ আব্দুল শুক্কুর নামে একজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার (এসি) উম্মে নাহিদা আক্তার। তিনি জাগো নিউজকে জানান, সন্ধ্যায় আব্দুল শুক্কুর ওমান এয়ারওয়েজের ৩১১ নম্বর ফ্লাইটে মাসকট থেকে শাহ আমানতে অবতরণ করেন।
এসময় সন্দেহ হলে তাকে তল্লাশি করা হয়। পরে তার কাছ থেকে ৬টি চার্জার লাইট খুলে ব্যাটারি চেম্বার থেকে ৪০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এগুলোর দাম প্রায় আড়াই কোটি টাকা।
আটককৃতের পাসপোর্ট নম্বর এডি৯৮৬১৯০৬। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান উম্মে নাহিদা আক্তার।
জেইউ/বিএ/আরআইপি