অবৈধ পথে ভারত থেকে ফেরার সময় আটক ২১
সীমান্তের অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে ফেরার সময় শিশুসহ ২১ জন বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
শনিবার দুপুর ২টার দিকে বেনাপোলের পুটখালি চরের মাঠ এলাকা থেকে তাদের আটক করা হয়। দালালের মাধ্যমে তারা ভারত থেকে এদেশে আসছিলেন। তাদের মধ্যে ১০ জন পুরুষ, ৮ জন নারী ও ৩ জন শিশু রয়েছে। এদের বাড়ি, নড়াইল, ফরিদপুর, যশোর ও খুলনা জেলার বিভিন্ন এলাকায়।
খুলনা ২৩ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার শফি উদ্দিন হাওলাদার জাগো নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুটখালি সীমান্তের চরের মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে থানায়।
এমজেড/আরআই