এজেন্ট ও আহ্বায়কদের গ্রেফতারের অভিযোগ
চট্টগ্রাম সিটি নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী এম মনজুর আলমের ভোট কেন্দ্রে আহ্বায়ক ও এজেন্টদের গ্রেফতার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তার প্রধান নির্বাচনী এজেন্ট আমীর খসরু মাহমুদ চৌধুরী। রোববার নগরীর লালখান বাজার মোড়ের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এ মন্ত্রী বলেন, পুলিশ এলাকায় গিয়ে আমাদের এজেন্ট, কেন্দ্রের আহ্বায়ক এবং যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের নাম নেয়া শুরু করেছে। তাদের মধ্যে অনেককে ইতোমধ্যে গ্রেফতার করেছে। অধিকাংশের বিরুদ্ধে কোনো মামলাও নেই। বিভিন্ন কেন্দ্রের আহ্বায়কসহ নির্বাচনী কাজে সক্রিয় ২০ জনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছেন তিনি।
গ্রেফতারকৃতরা হলেন ২৬ নং হালিশহর ওয়ার্ড সহসভাপতি আবুল কালাম আজাদ সেলিম, পশ্চিম বাকলিয়া ওয়ার্ড যুবদল নেতা এমদাদুল হক, দেওয়ান বাজার ওয়ার্ড ছাত্রদল নেতা আসাদ মো. বাবু, ৩২ নং ওয়ার্ড যুবদল নেতা মো. সেলিম, ২৯ নং ওয়ার্ড ২০ দলীয় জোটের কাউন্সিলর প্রার্থী ফজলে এলাহী শাহীনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. হারুনুর রশিদসহ প্রায় ২০ জন নেতাকর্মী গ্রেফতার হয়েছেন।
তিনি বলেন, গণতন্ত্রকে বাঁচাতে হলে, চট্টগ্রামকে বাঁচাতে হলে, বাক স্বাধীনতা বাঁচাতে হলে, ভোটাধিকার বাঁচাতে হলে, আইনের শাসনকে বাঁচাতে হলে নিজেদের অবস্থান থেকে আপনারা ভোটাধিকার প্রয়োগ করুন। ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে রাষ্ট্রীয় ও দলীয় সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদী ভোটাধিকার প্রয়োগেরও অনুরোধ জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ, বিএনপির কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক ওয়াহিদুল আলম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার, দক্ষিণ জেলা বিএনপি সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, নগর বিএনপির সহ-সভাপতি শামসুল আলম, কেন্দ্রীয় বিএনপি নেতা মাহবুবুর রহমান শামীম ও কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান প্রমুখ।
এমজেড/বিএ/আরআই