ভূকম্পন : ভালুকায় ফ্যাক্টরির ২০ শ্রমিক আহত
ময়মনসিংহের ভালুকা উপজেলার ক্রাউন সুয়েটার ফ্যাক্টরি থেকে নামতে গিয়ে হুড়োহুড়ি করে ২০ শ্রমিক আহত হয়েছেন। তাক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।
রোববার দুপুরে দ্বিতীয় দিনে ভূকম্পন অনুভূত হলে এ ঘটনা ঘটে। এদিকে ভূমিকম্পে ফ্যাক্টরির শ্রমিক মারা গেছে এমন গুজব ছড়িয়ে পড়লে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহা-সড়ক অবরোধ করে। পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এ সময় বিক্ষোব্ধ শ্রমিকরা ফ্যাক্টরির গেটে ও গাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করে ৪/৫ গাড়ি ভাঙচুর করে। পরে কর্তৃপক্ষ ২ দিনের জন্য ফ্যাক্টরি ছুটি দিয়ে দেয়।
শ্রমিকদের অভিযোগ, গত শনিবারের ভূমিকম্পে ফ্যাক্টরির দেয়াল ফেটে গেছে। ফ্যাক্টরির কর্তৃপক্ষ, সেটিকে পুরনো ফাটল বলে দাবি করে শ্রমিকদের কাজ করার জন্য নির্দেশ দেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ফ্যাক্টরিতে পুলিশ নিয়োজিত রয়েছে।
ভালুকা মডেল থানা পুলিশের অফিসার্স ইনচার্জ গোলাম সারোয়ার জানান, শ্রমিক মারা গেছে ও ফ্যাক্টরির দেয়াল ভেঙে গেছে এ গুজবে শ্রমিকরা এসব ঘটনা ঘটিয়েছে। তবে এখন পরিবেশ শান্ত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য ফ্যাক্টরির গেটে পুলিশ পাহারা বসানো হয়েছে।
এমএএস/আরআইপি