স্নাতক পর্যায়ে উপবৃত্তি পেলেন ১৩৫ শিক্ষার্থী
বরিশালের আগৈলঝাড়ায় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী তার শিক্ষা সহায়তা তহবিল থেকে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে প্রথমবারের মতো উপবৃত্তি প্রদান করা হয়েছে। এ উপলক্ষে রোববার বেলা ১১টায় উপজেলা সদরের শহীদ আ. রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজ হল রুমে ১৩৫ জন শিক্ষার্থীর মধ্যে উপবৃত্তি প্রদান করা হয়।
উপবৃত্তি প্রদান অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হেমায়েত উদ্দিন সরদারের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজ আহ্বায়ক কমিটির সভাপতি দেবী চন্দ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এক্ষেত্রে প্রত্যেক শিক্ষার্থীকে প্রতি মাসে ২শ টাকা হিসেবে বছরে ২৪শ টাকা, বই ক্রয় বাবদ ১৫শ টাকা, পরীক্ষার ফি বাবদ ১ হাজার টাকা ও প্রতি মাসে ৬০ টাকা টিউশন ফি হিসেবে ৭শ ২০ টাকাসহ সর্ব মোট ৫ হাজার ৬শ ২০ টাকা করে প্রতি শিক্ষার্থীকে প্রদান করা হয়েছে।
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জসীম সরদার, মলিনা রানী রায়, বেবী হোমের বরিশাল বিভাগীয় উপ-তত্ত্বাবধায়ক আবুল কালাম আজাদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. সেলিম মিয়া প্রমুখ।
এমজেড/আরআই