স্বস্তির বৃষ্টিতে তলিয়ে গেছে লবণ শিল্প : ব্যাপক ক্ষয়ক্ষতি


প্রকাশিত: ১০:৪৩ এএম, ২৭ এপ্রিল ২০১৫

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে স্বস্তির বৃষ্টিতে তলিয়ে গেছে লবণ শিল্প। বৈশাখের গভীর রাতে আচমকা ঝড়ো বজ্র বৃষ্টিতে তছনছ করে দিয়ে গেছে তিলে তিলে গড়ানো লবণ শ্রমিকের কষ্টের ফসলী লবণ ও তৈরি ফসলী মাঠ।

এতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন এই শিল্পের সঙ্গে জড়িত হাজার হাজার শ্রমিক। ক্ষতিগ্রস্থ লবণ চাষি এবং শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২৩ এপ্রিল গভীর রাতে এবং সকালে হঠাৎ ঝড়ো হাওয়ার সঙ্গে মুষলধারে বৃষ্টির ফলে লবণ শিল্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

উপজেলার বিভিন্নস্থান থেকে পাওয়া খবরে জানা যায়, হোয়াইক্যং, সাবরাং ও হৃীলা ইউনিয়নের লবণ শিল্পে ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। পাশাপাশি ইট ভাটা, খড়ের ঘর ও শরণার্থী শিবিরগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। লবণ শিল্প, চিংড়ি ঘের ও বসত বাড়ির ক্ষতি সাধন হলেও কোথাও হতাহতের খবর পাওয়া যায়নি।

টেকনাফ উপজেলার লবণ শিল্পের সফল উদ্যোক্তা হৃীলা ইউনিয়নের অন্যতম লবণ ব্যবসায়ী নুরুল আমিন চৌধুরী জাগো নিউজকে জানান, হঠাৎ ঝড়ো হাওয়া ও ভারী বর্ষণে আমার ৬০ একর চাষ করা লবণ একেবারে শেষ হয়ে গেছে। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

হৃীলা ইউনিয়নের লবণ শ্রমিক আবদুর রহমান জানান, যদি বৃষ্টি আরো হয় তাহলে আমার মাঠ তৈরিতে কমপক্ষে ১৫/২০ দিন সময় লেগে যাবে, এতে আমাদের বসে বসে খাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। এটি আমাদের মতো গরীব শ্রমিকদের জন্য অনেক কষ্টের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

এমজেড/এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।