গাজীপুরে দুই সাংবাদিকের ওপর হামলা


প্রকাশিত: ০১:২৮ পিএম, ১৮ এপ্রিল ২০১৭

গাজীপুরে বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলা ভিশনের রিপোর্টার সানজিদ আহমেদ ও ক্যামেরাপার্সন বাপ্পীর ওপর হামলা করেছে লাইফওয়ে কোম্পানির কর্মচারী ও কর্মীরা। এ সময় বাংলা ভিশনের ক্যামেরা, তাদের মাইক্রোবাস ভাঙচুর করে হামলাকারীরা।

মঙ্গলবার বিকেল ৪টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে গাজীপুরে শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

বাংলা ভিশনের গাজীপুর প্রতিনিধি মীর মো. ফারুক জানান, গাজীপুরের চান্দনা চৌরাস্তায় অবস্থিত বিতর্কিত এমএলএম কোম্পানি লাইফওয়ের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে প্রতিবেদন তৈরির জন্য বাংলা ভিশনের রিপোর্টার সানজিদ আহমেদ ও ক্যামেরাপার্সন বাপ্পী গাজীপুরে লাইফ ওয়ের কার্যালয়ে আসেন।

ছবি ধারণ করতে গেলে লাইফওয়ে কোম্পানির লোকজন নিষেধ করেন। এ সময় রিপোর্টার এগিয়ে আসলে তাকে লাঞ্ছিত করে এবং ক্যামেরাপার্সন বাপ্পীকে মারধর করতে থাকে।

এ সময় হামলাকারীরা বাপ্পীর হাত থেকে ক্যামেরা ছিনিয়ে নিয়ে তা ভেঙে ফেলে এবং তাদের বহনকারী মাইক্রোবাসটি ভাঙচুর করা হয়। খবর পেয়ে জয়দেবপুর থানার পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা কার্যালয় বন্ধ করে পালিয়ে যায়।

এ ব্যাপারে জয়দেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে মামলা নেয়া হবে এবং হামলাকারীদের গ্রেফতার করা হবে।

মো. আমিনুল ইসলাম/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।