এক সপ্তাহ ধরে ৩৫০টি গ্রাম বিদ্যুৎবিহীন


প্রকাশিত: ০১:১৩ পিএম, ২৮ এপ্রিল ২০১৫

২২ এপ্রিল মঙ্গলবার রংপুরের ওপর দিয়ে বয়ে যাওয়া বৈশাখী ঝড়ের কবলে পড়ে রংপুরের দুই উপজেলার ৩৫০টি গ্রামের মানুষ এক সপ্তাহ ধরে বিদ্যুৎবিহীন হয়ে অন্ধকারে রয়েছেন। এখনও বিদ্যুৎ সরবরাহ না করায় ওইসব গ্রামের মানুষজন চরম ভোগান্তিতে পড়েছেন।

রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ সূত্রে জানা গেছে, কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে জেলার মিঠাপুকুর ও পীরগঞ্জ উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুৎ সরবরাহের ২০১টি খুঁটি উপড়ে যায়। এতে প্রায় ৮০০ বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। গত তিন দিনে একশোটি খুঁটি বসানোর কাজ শেষ করার পর ৪৫০ গ্রামের মধ্যে বিদ্যুৎ সংযোগ স্থাপন করা গেলেও এখনও ৩৫০ গ্রামের মানুষজন বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন।

মিঠাপুকুর উপজেলার গোপালপুর, বালারহাট, বড় হজরতপুর, মিলনপুর, কাফ্রিকখাল, মির্জাপুর, রানীপুরসহ কয়েকটি ইউনিয়নের গ্রামগুলোতে এখনও বিদ্যুৎ সংযোগ দেয়া সম্ভব হয়নি। এদিকে পীরগঞ্জের বেশ কিছু গ্রামে বিদ্যুৎ সরবরাহ সচল করা হয়েছে।

গোপলপুর গ্রামের বাসিন্দা আসলাম, কাফ্রিখালের বাবলুর রহমান জাগো নিউজকে জানান, ঝড়ের কারণে গাছপালা, বাড়িঘর, জমির ফসল, আম বাগান ও বিদ্যুতের খুঁটির ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ের তাণ্ডবে বিদ্যুতের খুঁটিগুলো উপড়ে পড়ায় ৭ দিন ধরে তাদেরকে অন্ধকারে থাকতে হচ্ছে।

রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর মহাব্যবস্থাপক দেওয়ান তোফাজ্জল হোসেন জাগো নিউজকে বলেন, আমরা ক্ষতিগ্রস্ত প্রায় অর্ধেক গ্রামের বাড়িঘরে বিদ্যুৎ সংযোগ দিতে পেরেছি। আগামী ৪/৫ দিনে গ্রামের বাকি বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করা হবে।

এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।