নোয়াখালীতে যুবলীগ নেতা খুন


প্রকাশিত: ০৫:০৯ পিএম, ২৮ এপ্রিল ২০১৫

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলাতে যুবলীগ নেতা শেখ ইব্রাহিম (৩৫)কে গুলি করে হত্যা করেছে দৃর্বৃত্তরা। মঙ্গলাবর রাত ৮ টার সময় আমিশাপাড়া বাজারের মাদ্রাসা রোডে এ ঘটনা ঘটেছে।

নিহত শেখ ইব্রাহিম উপজেলার সোনাপুর ইউনিয়নের হারিছ মাস্টার বাড়ির মৃত কোরবান আলির ছেলে এবং ইউনিয়ন যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বলে দলীয় সুত্রে জানা গেছে।

এলাকাবাসী জানায়, ইব্রাহিম প্রায়ই আমিশাপাড়া বাজারের মাদ্রাসা রোডে আড্ডা দিতো। মঙ্গলবারও তাকে মাদ্রাসা রোডে আড্ডা দিতে দেখেছে অনেকে। এরপর রাত ৮ টার দিকে মাদ্রাসা রোডে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় ইব্রাহিমের মৃত দেহ পড়ে থাকতে দেখে লোকজন। তারা থানা পুলিশে খবর দেন।

তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে অথবা কারা এর সাথে জড়িত সে ব্যাপারে কেউই কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি।

এদিকে এ ঘটনার পরপরই পুরো বাজারের আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকান-পাট বন্ধ করে দেয় ব্যবসায়ীরা। সেখানে পরিস্থিতি থমথমে হয়ে রয়েছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে সোনাইমুড়ী থানার ওসি কাজী হানিফুল ইসলাম জাগো নিউজকে জানান, ঘটনাস্থলে উত্তেজিত দলীয় লোকজন মৃতদেহ ঘিরে রেখেছে। পরিস্থিতি শান্ত করে লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী আবদুল উকিল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। এছাড়া তিনি জানান, হত্যার রহস্য উদঘাটনে চেষ্টা চলেছে।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।