আইপিএল’র বাজির টাকা না পাওয়ায় ভজন হত্যা


প্রকাশিত: ০২:৫৪ পিএম, ২৩ এপ্রিল ২০১৭

নরসিংদী জেলার মাধবদী থানার আনন্দী এলাকার ভজন চন্দ্র দাস (২৩) হত্যা মামলায় গ্রেফতার দুই নারী হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

রোববার বিকেলে গ্রেফতার রুমা-১ ও রুমা-২ নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ও মাহমুদুল মহসীনের আদালতে জবানবন্দি দেন।

জবানবন্দিতে তারা জানিয়েছেন, আইপিএল ক্রিকেট খেলা নিয়ে আড়াইহাজার উপজেলার বান্টিবাজার এলাকার সজল ও সঞ্জীবের সঙ্গে পাঁচ হাজার টাকা বাজি ধরে ওই এলাকার একটি বুটিক শপের কর্মচারী ভজন চন্দ্র দাস। পরে বাজিতে ভজন হেরে গেলেও সে টাকা দিতে টালবাহানা শুরু করে। এতে সজল ও সঞ্জীব বর্মন ক্ষিপ্ত হয়ে তাদের দিয়ে প্রেমের ফাঁদ পেতে গত ১১ এপ্রিল ভজনকে ডেকে নিয়ে যায়। পরে পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়। এরপর ভজনকে ফেরত দেয়ার কথা বলে পরিবারের কাছ থেকে ফোন করে মোবাইলে বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকাও হাতিয়ে নেয় তারা।

এদিকে এ ঘটনায় ভজনের বাবা ফনি চন্দ্র দাস বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করেন। পরে মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করার জন্য ডিবিতে হস্তান্তর করে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা। এরপর মামলাটি তদন্তের জন্য ডিবির এসআই মফিজুল ইসলামকে দায়িত্ব দেয়া হয়।

ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম বলেন, মামলাটি যেদিন হাতে পাই সেদিন এক যুবকের মরদেহ রূপগঞ্জ উপশহরের নদীর পাড় থেকে উদ্ধার করে রূপগঞ্জ পুলিশ। পরে খোঁজ নিয়ে জানা যায় সেই মরদেহ ভজন চন্দ্র দাসের।

পরে মুক্তিপণ নেয়া মোবাইল ফোনের সূত্র ধরে প্রযুক্তির মাধ্যমে গত ২১ এপ্রিল রূপগঞ্জ থেকে রুমা ১ ও রুমা ২ নামে দুই নারীকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় মুক্তিপণ চাওয়া মোবাইল ফোন। পরে রোববার বিকেলে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বিস্তারিত জানিয়েছে। ভজন হত্যাকাণ্ডে জড়িত অপর আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

শাহাদাত হোসেন/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।