রাজশাহীতে বাসের সঙ্গে কাঁকড়ার সংঘর্ষে নিহত ১
রাজশাহীতে যাত্রীবাহী বাসের সঙ্গে কাঁকড়ার (ইঞ্জিন চালিত স্থানীয় বাহন) মুখোমুখি সংঘর্ষে আনোয়ার হোসেন (৩০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে নগরীর পোস্টাল একাডেমির সামনে এ ঘটনা ঘটে।
নিহত আনোয়ার নগরীর রাজপাড়া থানাধীন মোল্লাপাড়া এলাকার কালুর ছেলে। তবে এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করতে পারেনি পুলিশ।
এ ব্যাপারে শাহমুখদুম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সকালে রাজশাহী থেকে যাত্রীবাহী একটি বাস নওগাঁর দিকে যাচ্ছিল। বাসটি নগরীর পোস্টাল একাডেমির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাঁকড়ার মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে কাঁকড়ার পেছনে বসে থাকা আনোয়ার হোসেন ঘটনাস্থলে মারা যান। পরে নিহতের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে নিহতের পরিবারের অনুরোধে দুপুর সাড়ে ১২টার দিকে আনোয়ারের লাশ ময়নাতদন্ত ছাড়াই তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়।
এমএএস/পিআর