ভূমিকম্পে ঝুঁকিপূর্ণ ভবনগুলোতে আতঙ্কে বসবাসকারীরা
রাজশাহী মহানগরীতে ভূমিকম্পে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত পুরাতন ও নতুন বহুতল ভবনের মালিকরা বাড়িগুলোতে বসবাসকারী মানুষগুলোর প্রাণ রক্ষায় কোন ধরনের উদ্যোগ গ্রহণ করছেন না বলে অভিযোগ উঠেছে। আর নতুন ভবনগুলো নির্মাণের সময় আরডিএর দেয়া শর্তাবলি না মেনে ভবন নির্মাণ ও পুরাতন ভবনগুলোর সঠিক পরিচর্যা না করার কারণে ভূমিকম্পসহ বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে ব্যাপক প্রাণহানির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
সম্প্রতি সারাদেশের মতো রাজশাহীতেও কয়েক দফা ভূমিকম্প অনুভূত হয়। এতে মহানগরীর কয়েকটি ভবন ও স্কুল প্রতিষ্ঠানে ফাটল দেখা দেয়। একদিনের ব্যবধানে রাজশাহীতে আবারও ভূমিকম্প অনুভূত হলে নগরবাসী আতঙ্কিত হয়ে পড়েন। বিশেষ করে নগরীর ঝুঁকিপূর্ণ ভবনে বসবাসকারীরা বেশি আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। তবে ভবন মালিকের পক্ষ থেকে ভবনগুলোতে বসবাসকারী মানুষগুলোর প্রাণ রক্ষায় নেয়া হয়নি কোন ধরনের উদ্যোগ।
এদিকে, অনুসন্ধানে জানা গেছে, ২০০৬ সালে ভূমিকম্পের পর মহানগরীর কাঁচাবাজারে দুটি বহুতল ভবন হেলে পড়ে। এরপর রাজশাহী সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, জেলা পরিষদ ও আরডিএর সমন্বয়ে গঠিত বেঞ্চ নগরীতে ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণের উদ্যোগ গ্রহণ করে। জরিপ চালিয়ে মহানগরীর তিনশো পুরাতন ভবন ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়।
এরমধ্যে নগরীর কুমারপাড়া, মালোপাড়া, ঘোষপাড়া, টিকাপাড়া এলাকায় বেশি ঝুঁকিপূর্ণ ভবন পাওয়া যায়। পরে রাসিক থেকে এসব ভবন মালিকদের কাছে চিঠি পাঠানো হয়। কিন্তু এখন পর্যন্ত নগরীর এসব পুরাতন ঝুঁকিপূর্ণ ভবনের বিরুদ্ধে নেয়া হয়নি কোন জোরালো পদক্ষেপ।
এ ব্যাপারে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফ আলী জাগো নিউজকে জানান, ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে ভাঙার জন্য মালিকপক্ষকে নির্দেশ দেয়া হলেও তারা কোনো উদ্যোগ নেয়নি। চিহ্নিত ভবনগুলোর মধ্যে গত দুই দিনের ভূমিকম্পে কয়েকটি ভবন হেলে পড়েছে। এছাড়া ঝুঁকিপূর্ণ ভবনে ফাটল দেখা দিয়েছে। তবুও মালিকপক্ষ রাসিকের নির্দেশ মানছে না বলে তিনি অভিযোগ করেন।
এদিকে, আরডিএর দেয়া অনুমোদন বা শর্তাবলিকে তোয়াক্কা না করে নগরীতে সদ্য নব নির্মিত বহুতল ভবনগুলোর বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে এমন প্রশ্নের জবাবে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) চেয়ারম্যান অধ্যক্ষ বজলুর রহমান জাগো নিউজকে জানান, ইতোমধ্যে ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ বহুতল ভবনগুলোর মালিকদের সঙ্গে আরডিএর ইঞ্জিনিয়াররা যোগাযোগ করছেন। তাদের দেয়া অনুমোদন অনুযায়ী ভবনগুলো নির্মিত হয়েছিলো কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। আর সম্প্রতি নগরীতে যে বহুতল ভবনগুলো নির্মিত হচ্ছে তা আরডিএর দেয়া অনুমোদন অনুযায়ী নির্মিত হচ্ছে কিনা তাও তদন্ত করে দেখা হবে। তদন্ত শেষে ঝুঁকিপূর্ণ হিসেবে ভবনগুলো চিহ্নিত করে ভবন মালিকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করারও আশ্বাস প্রদান করেন তিনি।
এমজেড/আরআই