লালমনিরহাটে সেতু ভেঙে যানবাহন চলাচল বন্ধ


প্রকাশিত: ০৯:১২ এএম, ০৩ মে ২০১৫

লালমনিরহাটের আদিতমারীর স্বর্নামতি সেতু’র পাটাতন ভেঙে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়েছে। শনিবার গভীর রাতে স্বর্নামতি সেতু’র পাটাতন ভেঙে একটি পণ্যবাহী ট্রাক বিকল হয়ে পড়ে। ট্রাকটি উদ্ধার ও সেতু মেরামত করতে সড়ক ও জনপদ বিভাগের কর্মচারীরা কাজ করছেন।

লালমনিরহাট সড়ক ও জনপদ বিভাগ জানান, সেতুটি ঝুকিপূর্ণ। তাই ৫ টনের বেশি ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা ছিল। এরপরও অতিরিক্ত পণ্য বোঝাই যানবাহন চলাচল করায় ঝুকিপূর্ণ সেতুটি আরো মারাত্মক ঝুঁকিতে পড়ে। শনিবার রাতে অতিরিক্ত পণ্য বোঝাই কয়েকটি ট্রাক সেতু অতিক্রম করার সময় একটি পাটাতন ভেঙে গিয়ে সেতুর মাঝখানে আটকে গেছে।
       
স্থানীয়দের দাবি, যতদিন নতুন সেতু নির্মাণ না করা হচ্ছে ততোদিন সেতুর উভয় পার্শ্বে চেকপোস্ট বসিয়ে ৫ টনের অধিক যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করতে হবে।
বর্তমানে বিকল্প সড়ক হিসেবে লালমনিরহাট চাপারহাট ও আদিতমারী ভেলাবাড়ি বাইপাস সড়কে যানবাহন চলাচল করছে।

লালমনিরহাট সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুরুজ মিয়া জাগো নিউজকে জানান, অতিরিক্ত পণ্য বোঝাই ট্রাক চলাচল করায় সেতুর দুইটি পাটাতন ভেঙে গেছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

 রবিউল হাসান/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।