পান ব্যবসায়ীর চোখ উপড়ে হত্যার চেষ্টা


প্রকাশিত: ০৪:৩৬ এএম, ০৪ মে ২০১৭

মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ির বাসিন্দা পান ব্যবসায়ী কবির মৃধার দু`চোখ উপড়ে হত্যাচেষ্টা চালিয়েছে সন্ত্রাসী সুমন বাহিনীর সদস্যরা।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে তাকে কালকিনির সীমান্তবর্তী শরীয়তপুর জেলার গজারিয়া গ্রাম থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য কালকিনি হাসপাতালে নিয়ে আসা হয়। পরে রাত ১২টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

স্থানীয় ও পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়, বিকেলে কালকিনির খাসেরহাট বন্দর থেকে পানের চালান নিয়ে যাওয়ার জন্য ঢাকাগামী লঞ্চে ওঠেন পান ব্যবসায়ী কবির মৃধা। লঞ্চটি সন্ধ্যা ৭টার দিকে বরিশালের মুলাদী উপজেলার সফিপুর লঞ্চঘাটে যাত্রী ওঠানোর জন্য থামলে আগে থেকে ওৎ পেতে থাকা সুমন বাহিনীর সন্ত্রাসীরা তাকে অপহরণ করে নিয়ে যায়।

পরিবারের লোকজন এই ঘটনা পুলিশকে জানালে বরিশালের মুলাদী ও শরীয়তপুরের গোসাইরহাট এবং মাদারীপুরের কালকিনি থানা পুলিশ তাকে উদ্ধারে অভিযান চালায়। কালকিনির বাঁশগাড়ি সংলগ্ন শরীয়তপুরের গজারিয়া গ্রামের মাঠে চোখ উত্তোলন করে হত্যা চেষ্টার সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব জানান, খবর পেয়ে পুলিশ কবির মৃধাকে উদ্ধার করে কালকিনি হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় কাউকে আটক করা না গেলেও অপরাধীদের ধরতে অভিযান চলছে।

নাসিরুল হক/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।