গরমে বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা


প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ০৫ মে ২০১৫

বরিশালে গরম বাড়ার সঙ্গে সঙ্গে বেড়ে গেছে ডায়রিয়ার প্রকোপ। প্রচণ্ড গরমের কারণে মানবদেহে সৃষ্ট পানি শূণ্যতায় বিপুলসংখ্যক রোগী এ রোগে আক্রান্ত হচ্ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এসময়ে খাবারে দ্রুত পঁচন ধরে জীবাণুর বংশ বৃদ্ধি হয়। একই সঙ্গে দ্রুত এবং পঁচনশীল জীবাণু আক্রান্ত করে। এসব খাদ্য খেয়ে মানুষ সহজেই পেটের পীড়ায় আক্রান্ত হন।

গত সোমবার সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে দুই শিশুর ডায়রিয়ায় মৃত্যু হয়। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন ওই পরিবারের আরো ৫ জন সদস্য। জেলা ও উপজেলার বিভিন্ন হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার পর্যন্ত অর্ধশত ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন হাসপাতালগুলোতে।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (শেবাচিম) সূত্রে জানা গেছে, সেখানে মঙ্গলবার পর্যন্ত ৩০ জন ডায়রিয়া রোগী ভর্তি আছেন। সদর হাসপাতাল আবাসিক অফিসার ডা. দেলোয়ার হোসেন জাগো নিউজকে জানান, মঙ্গলবার পর্যন্ত ২২ জন ডায়রিয়া রোগী এই হাসপাতালে ভর্তি হয়েছেন।

অন্যদিকে, জেলার বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমান্বয়ে বেড়েই চলছে। হাসপাতালে বেডের সংখ্যা কম থাকায় অধিকাংশ রোগীদের মেঝেতে বিছানা দেয়া হয়েছে। মেডিকেলের কনসালটেন্ট ডা. কামরুজ্জামান ও ডা. রেফায়েতুল হায়দার জাগো নিউজকে জানান, স্যালাইন ও ওষুধের কিছুটা ঘাটতি থাকায় চিকিৎসা সেবা ব্যহত হচ্ছে।  বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

বরিশাল জেলা সিভিল সার্জন ডা. মিজানুর রহমান জাগো নিউজকে জানান, চরমোনাই ইউনিয়নে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে তিনি মঙ্গলবার সেখানে গিয়েছিলেন। আক্রান্ত রোগীদের স্বজনদের সঙ্গে কথা বলেছেন। ডায়রিয়া যেন ছড়িয়ে না পরে সে অনুযায়ী ব্যবস্থা নিতে ১০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের নির্দেশ দেয়া হয়েছে।

সাইফ আমীন/এমজেড/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।