রাজশাহীতে জমি নিয়ে সংঘর্ষ : নিহত ১, আহত ৬


প্রকাশিত: ০৫:০০ এএম, ০৬ মে ২০১৫

রাজশাহীর গোদাগাড়ীতে জমি নিয়ে সংঘর্ষে আরশেদ আলী (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের বারীনগর এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন আরো ৬জন। তাদের সংকটাপন্ন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে আটক করেছে পুলিশ।

আহতরা হলেন, বারীনগর এলাকার আবদুল মোমিন (৩৫),  মিঠুন (২৫), মাইনুল ইসলাম (৩৫), নুরুল আমিন (৩০), আরিফুল ইসলাম (২২) ও লিটন (৩০)। এদের প্রত্যেকের শারীরিক অবস্থা সংকটাপন্ন।

নিহত কৃষক আরশেদ আলীর স্ত্রী গোলেনুর বেগম জানান, সকালে তাদের প্রতিবেশী জহির হাজির ছেলেরা তাদের পাটের জমি দখলের জন্য চাষ শুরু করে। এসময় তার স্বামীসহ নিকটাত্মীয়রা বাধা দিলে জহির হাজির ছেলেরা ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। এ ঘটনায় তার স্বামী আরশেদ ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় আরো ৬ জন।

এ ব্যাপারে গোদাগাড়ী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আটক করা হয়েছে ৫ জনকে। এছাড়া আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

শাহরিয়ার অনতু/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।