চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদ হচ্ছে না


প্রকাশিত: ০৭:২১ এএম, ০৬ মে ২০১৫
ফাইল ছবি

চট্টগ্রামে আপাতত উচ্ছেদ হচ্ছে না ব্যাটারিচালিত রিকশা। মঙ্গলবার নগর পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের বৈঠকে ব্যাটারিচালিত রিকশা বন্ধে বৃহস্পতিবার থেকে উচ্ছেদ শুরুর সিদ্ধান্ত নেয়া হয়েছিল। নগরীতে চলাচলরত এসব রিকশা নিয়ে উচ্চ আদালতের নির্দেশনার বিষয়ে অ্যাটর্নি জেনারেলের মতামত জানতে চেয়েছে নগর পুলিশ। মতামত না আসা পর্যন্ত রিকশা উচ্ছেদে কোন ধরনের পদক্ষেপ নেবে না পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, আপাতত ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদ হচ্ছে না। বৃহস্পতিবার থেকে উচ্ছেদ অভিযান চালানোর যে সিদ্ধান্ত হয়েছে সেটা আপাতত স্থগিত থাকবে। দীর্ঘদিন বন্ধ থাকার পর সিটি কর্পোরেশন নির্বাচনের দু’দিন আগে থেকে ফের চালু হয়েছিল ব্যাটারিচালিত রিকশা।

মঙ্গলবার দুপুরে সিএমপিতে ব্যাটারিচালিত রিকশার মালিক-শ্রমিক নেতাদের বৈঠক ডাকে নগর পুলিশ। কিন্তু বৈঠকে আসেননি তারা। বৈঠকে রিকশা উচ্ছেদের বিষয়ে সিদ্ধান্ত হয় এবং গণমাধ্যমে তা প্রচারিত হয়।

বৃহস্পতিবারের উচ্ছেদ অভিযান থেকে সরে আসে পুলিশ। পুলিশ সূত্র জানায়, বৈঠক শেষ হওয়ার আরও প্রায় এক ঘণ্টা পর কয়েকজন মালিক-শ্রমিক নেতা সিএমপিতে গিয়ে জানায়, হাইকোর্টের আদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ স্থগিত করেছে। এতে ব্যাটারি রিকশা চলাচলে কোন বাধা নেই। এর ফলে বুধবার মাইকিং করার কথা থাকলেও সেটি হচ্ছে না। আপাতত উচ্ছেদের সিদ্ধান্তও ঝুলিয়ে দিয়েছে পুলিশ।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।