বাকেরগঞ্জে কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার


প্রকাশিত: ০৮:০৭ এএম, ০৬ মে ২০১৫

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের সুন্দরকাঠি গ্রাম থেকে জমিস হাওলাদার (৩৫) নামে এক কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে এ লাশ উদ্ধার করা হয়। জসিম ওই গ্রামের সোবাহান হাওলাদারের ছেলে। তিনি কৃষি কাজ করে সংসার চালাতেন।

জসিমের স্ত্রী নার্গিস বেগম অভিযোগ করে বলেন, শেষ রাতে টয়লেটে যাবার কথা বলে ঘর থেকে বের হয়। সকালে দেখতে পান স্বামীর ঝুলন্ত লাশ। চাচাতো ভাসুর ও দেবরদের সাথে জমি নিয়ে বিরোধ থাকায় তারা হত্যা করে মৃতদেহটি ঝুলিয়ে রেখেছে বলে তার স্ত্রী সন্দেহ করছে।  

বাকেরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, বাড়ির পাশে জসিমের ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে তারা গিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় মৃতদেহ উদ্ধার করে। ময়নাতদন্তর জন্য মৃতদেহ শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই বোঝা যাবে তিনি আত্মহত্যা করেছেন নাকি তাকে হত্যা করা হয়েছে। তবে এ বিষয়ে মামলা হবে।

সাইফ আমীন/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।