সিলেটের তাঁতীপাড়ায় ৭ তলা ভবনে আগুন
সিলেটের তাঁতীপাড়ার ২৪ নম্বর বাসার ৭ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসার আসবাবপত্র অক্ষত থাকলেও ভবনের সকল বৈদ্যুতিক সরঞ্জাম পুঁড়ে গেছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা যায়, নগরের তাঁতীপাড়ার ২৪ নম্বর বাসার ৭ তলা ভবনের গ্রাউন্ড ফ্লোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। সাথে সাথে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই বাসায় লোকজনের চিৎকারে এলাকার লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বাসার আসবাবপত্র অক্ষত থাকলেও ভবনের সকল বৈদ্যুতিক সরঞ্জম (লাইন) পুঁড়ে যায়।
ভবনে বসবাসরত কামাল আহমদ জানান, আমরা যে ভবনে বাস করি সে ভবনের বিদ্যুতের তার অনেক পুরানো। প্রায়ই এখানে বিদ্যুতের সমস্যা দেখা দেয়। আজ সারা বাসার বিদ্যুতের তার আগুন লেগে পুড়ে গেছে।
সিলেট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা জাবেদ হোসেন মো. তারেক বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। তবে এ অগ্নিকাণ্ডের ঘটনায় তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমান নির্ধারন করা হয়নি।
ছামির মাহমুদ/এসএস/এমএস