প্রতিবন্ধী বান্ধব হিসেবে বরিশাল নগরীকে গড়ে তোলার দাবি
প্রতিবন্ধী বান্ধব হিসেবে বরিশাল নগরীকে গড়ে তুলতে ২০১৫-১৬ অর্থ বছরের বাজেটে প্রয়োজনীয় পরিকল্পনা প্রণয়ন ও অর্থ বরাদ্দের দাবি জানানো হয়েছে। পাশাপাশি সামাজিক উন্নয়ন প্রক্রিয়ায় প্রতিবন্ধীদের কার্যকর ও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করারও আবেদন জানানো হয়।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নগর ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভা থেকে এসব দাবি তুলে ধরা হয়। সভায় প্রতিবন্ধীদের পক্ষ থেকে ১২ দফা দাবি তুলে ধরা হয়েছে।
বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা এ আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র আহসান হাবিব কামাল।
প্রতিবন্ধী বান্ধব সিটি কর্পোরেশন বাজেট (২০১৫-১৬) শীর্ষক এ আলোচনা সভায় প্রতিবন্ধীদের কল্যাণে বাজেট সভায় তাদের অংশগ্রহণ ও বিশেষ বরাদ্দ রাখা, পুনর্বাসনে খাস জমি বন্দোবস্ত দেওয়া, কর্পোরেশনের কার্য পরিচালনা কমিটিতে সম্পৃক্তকরণ, স্থায়ী ও খণ্ডকালীন চাকরিতে প্রতিবন্ধীদের নিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি এবং হতদরিদ্র প্রতিবন্ধীদের সামাজিক নিরাপত্তার আওতায় নেওয়াসহ ১২ দফা দাবি উপস্থাপন করা হয়।
সভায় সিটি মেয়র আহসান হাবিব কামাল ১২ দফা দাবির প্রেক্ষিতে বলেন, আসন্ন বাজেটে খাস জমি বন্দোবস্ত এবং তাতে প্রতিবন্ধী বান্ধব ভবন নির্মাণসহ চিকিৎসা ও পুনর্বাসনের প্রয়োজনীয় উদ্যোগে নেয়া হবে।
বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বদিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র তাছলিমা কালাম পলি, সচিব খন্দকার আনোয়ার হোসেন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মতিউর রহমানসহ অনেকেই উপস্থিত ছিলেন।
সাইফ আমীন/এমএএস/আরআই