তাপদাহে তেঁতে উঠেছে উত্তরাঞ্চল
মাঝারি তাপদাহে তেঁতে উঠেছে রাজশাহীসহ উত্তরাঞ্চল। বৈশাখের মাঝামাঝি সময় পর্যন্ত আবহাওয়া সহনীয় পর্যায়ে থাকলেও গত কয়েকদিন ধরে এ অঞ্চলে এখন বিরাজ করছে কাঠফাটা রোদ। সকাল থেকে সূর্যের বিচ্ছুরণ দুপুরের মধ্যে বাতাস যেন আগুনে পরিণত হচ্ছে।
রাজশাহী আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, গত কয়েকদিন ধরে রাজশাহী অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। কয়েকদিন মৃদু তাপপ্রবাহ চললেও মঙ্গলবার থেকে তা মাঝারি তাপপ্রবাহে রূপ নিয়েছে। মঙ্গলবার রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। একদিন আগে সোমবার এ অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এদিকে ঢাকায় মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ ডিগ্রি সেলসিয়াস।
রাজশাহী আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক শহীদুল ইসলাম জানান, মঙ্গলবার থেকে রাজশাহী অঞ্চলে মাঝারি তাপপ্রবাহ শুরু হয়েছে। আকাশে মেঘ না জমলে রাজশাহী অঞ্চলে আরও তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।
এদিকে খরতাপে পুড়ছে রাজশাহীসহ গোটা উত্তরাঞ্চল। এতে খেটে খাওয়া মানুষসহ প্রাণিকূলের জীবন ওষ্ঠাগত হয়ে উঠেছে। দুপুরের দিকে সূর্যের তীব্র তাপে চোখ-মুখ-ত্বক পুড়ে যাওয়ার উপক্রম হয়ে উঠছে। একটু ঠাণ্ডার পরশ পাওয়ার আশায় মানুষ গাছতলায় আশ্রয় নিচ্ছে। ডাব, শরবত, আইসক্রিম, রসালো ফলের দোকানগুলোতে ভিড় জমাচ্ছে। ভ্যাপসা গরমে খেটে খাওয়া মানুষের নাভিশ্বাস উঠেছে।
এএইচ/পিআর