দিনাজপুরে শ্বশুরবাড়িতে জামাই খুন


প্রকাশিত: ১০:২৫ এএম, ০৭ মে ২০১৫

দিনাজপুরে শ্বশুরবাড়ি থেকে মো. শরিফুল ইসলাম (৩০) নামে এক জামাইয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে সদর উপজেলার শশরা ইউনিয়নের ফুলতলা হরিরামপুর গ্রামে শ্বশুর বাড়ির পাশের গাছ থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

মো. শরিফুল ইসলাম সদর উপজেলার পুলহাট খোয়াড়ের পুল এলাকার মো. নজরুল ইসলামের ছেলে।

শশরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। বিষয়টি নিয়ে উভয় পরিবারের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। বুধবার নিহত শরিফুল ইসলাম স্ত্রী মোছা. শাপলা খাতুনকে নিতে আসে। সকালে প্রতিবেশীরা শ্বশুর মো.আব্দুল হাদীর বাড়ির পাশে তার ঝুলন্ত লাশ দেখতে পায়।

কোতয়ালী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. সোহেল রানা জানান, শরিফুল ইসলামের মৃত্যুটি আমার কাছে রহস্যজনক মনে হয়েছে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তেরে জন্য মর্গে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খালেকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। মনয়াতদন্তের রির্পোটের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমদাদুল হক মিলন/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।