সোনারগাঁয়ে ১৬ লাখ টাকার মালামাল চুরি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ব্যবসায়ীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ সময় ব্যবসায়ীর বাড়ি থেকে অন্তত ৩০ ভরি স্বর্ণ ও নগদ ১ লাখ ৪০ হাজার টাকাসহ প্রায় ১৬ লাখ টাকার মালামার চুরি করে নিয়ে যায়।
বুধবার গভীর রাতে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ছয়হিস্যা গ্রামের ব্যবসায়ী মো. আতিকুল্লাহ মিয়ার বাড়িতে এ চুরির ঘটনা ঘটে এবং পুলিশ বৃহস্পতিবার দুপুরে তা নিশ্চিত করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পিরোজপুর ইউনিয়নের ছয়হিস্যা গ্রামে এএস পাইপ-এর ব্যবসায়ী আতিকুল্লাহ মিয়ার বাড়িতে বুধবার গভীর রাতে একদল চোর হানা দেয়।
চোরের দল আতিকুল্লাহ মিয়ার ৩য় তলা নির্মাণাধীন বিল্ডিংয়ের দ্বিতীয় তলার জানালার গ্রিল কেটে রুমে প্রবেশ দুই রুমের আলমারির তালা ভেঙে প্রায় ৩০ ভরি স্বর্ণ ও নগদ ১ লাখ ৪০ হাজার টাকা চুরি করে পালিয়ে যায়।
সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. মঞ্জুর কাদের বলেন, চুরির ঘটনায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
শাহাদাত হোসেন/এএম/পিআর