টেকনাফে বন্দুকযুদ্ধে ৩ মানব পাচারকারী নিহত


প্রকাশিত: ০২:২৭ এএম, ০৮ মে ২০১৫

কক্সবাজারের টেকনাফে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ৩ শীর্ষ মানব পাচারকারী নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন টেকনাফ থানার ওসিসহ পুলিশের ৩ কর্মকর্তা। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে টেকনাফ সমুদ্র সৈকতের হ্যাচারী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মানব পাচারকারীরা হলেন, টেকনাফের শাহপরীরদ্বীপ বাজারপাড়া এলাকার মৃত সোলতান আহমদের পুত্র ধলু হোসেন (৪৫), কাটাবুনিয়া এলাকার আবদুল মাজেদের পুত্র জাহাঙ্গীর আলম (৪০) ও হারিয়ারখালী এলাকার কবির আহমদের পুত্র জাফর আলম (৩৯)।

টেকনাফ থানার ওসি মো. আতাউর রহমান জানান, সাগর পথে মালয়েশিয়ায় মানব পাচারের গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৩ টার দিকে টেকনাফ সমুদ্র সৈকতের হ্যাচারী এলাকায় পুলিশ অভিযানে যায়। এসময় পুলিশকে লক্ষ্য করে মানব পাচারকারীরা গুলি করে। পুলিশও পাল্টা গুলি করে। প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষের পর পুলিশ পিছু হঠলে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় ৩ জনের মৃত দেহ পাওয়া যায়। এসময় আহত হন ওসিসহ পুলিশের ৩ কর্মকর্তা।

তিনি জানান, নিহতদের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগে ১৮টি করে মামলা রয়েছে। নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হচ্ছে।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে ২টি দেশীয় তৈরী এলজি বন্দুক, ১০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পালিয়ে যাওয়া তাদের সহযোগীসহ অন্যান্যদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সাঈদ আলমগীর/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।