আশুগঞ্জে যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা


প্রকাশিত: ০২:৩৩ এএম, ০৯ মে ২০১৫

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে যৌতুকের জন্য রুমা আক্তার (২৫) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দিবাগত রাতে আশুগঞ্জ উপজেলার তালশহর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুমা তালশহর গ্রামের হারুন অর রশীদের স্ত্রী। এ ঘটনায় নিহতের ননদ মমতাজ বেগমকে আটক করেছে পুলিশ।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ২০১২ সালে জেলার সরাইল উপজেলার পানিশ্বর গ্রামের আরব আলীর মেয়ে রুমা আক্তারের সাথে একই জেলার আশুগঞ্জ উপজেলার তালশহর গ্রামের আবদুল কাদিরের ছেলে হারুন অর রশীদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই হারুনসহ তার পরিবারের লোকজন যৌতুকের দাবিতে রুমাকে নানাভাবে নির্যাতন করে আসছিলো।

এ নিয়ে গত কয়েকদিন আগে একটি সালিশ বৈঠকও হয়। এরই জের ধরে শুক্রবার দুপুরে হারুনসহ তার পরিবারের লোকজন রুমাকে বেধড়ক পেটায়। বিকালে তাকে আশুগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে রাতে চিকিৎসাধীন অবস্থায় রুমার মৃত্যু হয়। এ ঘটনার পর থেকে স্বামী হারুন অর রশীদ পলাতক রয়েছেন।

আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিহত রুমার ভাই নাজির মিয়া বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পরে পুলিশ এ ঘটনায় জড়িত থাকার দায়ে নিহত রুমার ননদ মমতাজ বেগমকে আটক করে।

আজিজুল আলম সঞ্চয়/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।