ঢাকায় পুলিশি নির্যাতনের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ
পহেলা বৈশাখে টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ডিএমপি কার্যালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের হামলার প্রতিবাদে বরিশাল নগরীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ছাত্র ইউনিয়ন।
সোমবার বেলা ১১টার দিকে অশ্বিনী কুমার হল চত্বরের সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা সংসদের সভাপতি শারমিন জাহান পপি।
সভাপতির বক্তব্যে পপি বলেন, বাংলাদেশ এখন পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে। পহেলা বৈশাখে রাজপথে নারী লাঞ্ছিতের ঘটনার ২৭ দিন পার হলেও পুলিশের সামনে ঘটনা ঘটলেও অপরাধীদের আজো গ্রেফতার করতে পারেনি। এই ঘটনার প্রতিবাদ করতে গিয়ে প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতা কর্মীদের নির্মমভাবে পেটায় পুলিশ। এই অমানবিক নির্যাতনের ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক প্রিতম চৌধুরী, বিএম কলেজ শাখার সভাপতি দিপঙ্কর কুণ্ডুসহ অন্যরা। এরপর একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সাইফ আমীন/এমজেড/এমএস