রাসিক হিসাবরক্ষণ কর্মকর্তাকে পেটালো কর্মচারীরা


প্রকাশিত: ০৭:৫৬ এএম, ১১ মে ২০১৫

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ভারপ্রাপ্ত হিসাবরক্ষণ কর্মকর্তা ওয়ালিদ হাসান মাহমুদ রানাকে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মারধর করেছে কর্মচারী ইউনিয়নের নেতাকর্মীরা। এসময় ওই দফতরের বিভিন্ন ফাইলপত্রও তছনছ করা হয়। ঘটনার পর আহত অবস্থায় হিসাবরক্ষণ কর্মকর্তা তার কক্ষ থেকে বের হয়ে যান। এরপর থেকে নগর ভবনে উত্তেজনা বিরাজ করছে।

নাম প্রকাশ না করার শর্তে রাসিক হিসাবরক্ষণ বিভাগের এক কর্মকর্তা জানান, সম্প্রতি জুয়েল নামের এক মাস্টাররোল কর্মচারীকে নানা অনিয়মের অভিযোগে বের করে দেয়া হয়। ছাটাই করা কর্মচারী জুয়েল রাসিক-এর প্রশাসন শাখায় কর্মরত ছিলেন। জুয়েলের বকেয়া বেতন পরিশোধ না করেই তাকে বের করে দেয়া হয়েছে এমন অভিযোগ তোলেন রাসিক কর্মচারী ইউনিয়নের নেতারা।

পরে এ ঘটনার জের ধরে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রাসিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মামুনের নেতৃত্বে কয়েকজন কর্মচারী জুয়েলকে সঙ্গে নিয়ে তার বকেয়া বেতন চাইতে যান হিসাবরক্ষণ কর্মকর্তার কাছে। এসময় কর্মচারী নেতাদের সঙ্গে কর্মকর্তা রানার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদকের নেতৃত্বে কর্মচারিরা তাকে মারধর করেন।

ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে সব কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে। বিষয়গুলো নিয়ে বাকি কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা কিছুই জানে না বলে জানান। এর কারণ জানতে চাইলে একজন কর্মকর্তা মারমুখি আচরণ প্রকাশ করে বলেন, এখানে কিছুই হয়নি, রানা সাহেব ভালো আছেন। তার শরীর খারাপ করাতে তিনি বাসায় চলে গেছেন। আপনার এ বিষয়ে এতো জানার দরকার কি?

এদিকে, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আজাহার আলীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি বিভাগীয় কমিশনার অফিসের একটি মিটিংয়ে ছিলাম। ঘটনা সম্পর্কে সঠিক কিছু জানি না। তবে হিসাবরক্ষণ কর্মকর্তার ওপর হামলার ঘটনা ঘটে থাকলে ব্যবস্থা নেয়া হবে।
   
শাহরিয়ার অনতু/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।