খুলনার তন্নী হত্যা মামলা পূনঃতদন্তের নির্দেশ
খুলনার বহুল আলোচিত গৃহবধূ সারাহ ফারগুশান তন্নী হত্যা মামলা পূন:তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। একই সাথে মামলাটি সিআইডির মাধ্যমে পুনরায় তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।
সোমবার দুপুরে অভিযোগপত্রের ব্যাপারে মামলার বাদী ও তন্নীর মা সামিয়া আক্তারের নারাজি আবেদনের পরিপ্রেক্ষিতে খুলনার মূখ্য মহানগর হাকিম এলএলবি মেজবাহ উদ্দিন আহমেদ এ আদেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোমিনুল ইসলাম জানান, অভিযোগপত্রের ব্যাপারে বাদী নারাজি আবেদন করায় মূখ্য মহানগর হাকিম পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ন্যায় বিচারের স্বার্থে তিনি সিআইডি খুলনাকে তদন্ত করতে বলেছেন।
এর আগে ৫ মে তন্নীর স্বামী সোহেল বিশ্বাসকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেওয়া হয়েছিলো। অভিযোগপত্রে সোহেলকে আত্মহত্যার প্ররোচণাকারী হিসেবে অভিযুক্ত এবং তন্নীর ননদ ইতি বিশ্বাসকে অব্যাহতি দেওয়া হয়। অভিযোগপত্রে এ ঘটনাকে আত্মহত্যা হিসেবে বর্ণনা করে হত্যাকাণ্ডের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলেও উল্লেখ করেন মামলার তদন্ত কর্মকর্তা।
৭ এপ্রিল নগরীর নূর নগর এলাকার শ্বশুর বাড়ি থেকে গৃহবধূ তন্নীর মরদেহ উদ্ধার করে পুলিশ। তন্নী ছিলেন সাবেক সংসদ সদস্য ও মহানগর জাতীয় পার্টির সাবেক সভাপতি আবদুল গফফার বিশ্বাসের ছোট ছেলে সোহেল বিশ্বাসের তৃতীয় স্ত্রী। এ ঘটনায় ১২ এপ্রিল নিহতের মা সোহেল বিশ্বাস ও ননদ ইতি বিশ্বাসকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। প্রায় এক মাস পলাতক থাকার পর ৮ মে সোহেলকে গ্রেফতার করে র্যাব।
আলমগীর হান্নান/এমএএস/আরআইপি