রাসিক মেয়রের দায়িত্বভার নিয়ে গুঞ্জন


প্রকাশিত: ০৬:০৯ এএম, ১২ মে ২০১৫

রাজশাহী সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র কে হচ্ছেন এ নিয়ে চলছে বিভিন্ন মহলে আলোচনা। মেয়র কে হচ্ছেন? এটিই এখন টক অব দ্যা টাউন। এ নিয়ে বিভিন্ন মহলে রয়েছে ভিন্ন ভিন্ন আলোচনা আর বক্তব্য।

একটি মহলের বক্তব্য, স্থানীয় সরকার পরিচালনার ক্ষেত্রে নিয়মানুয়ায়ী সিটি কর্পোরেশনের নতুন পরিষদ গঠনের পর কাউন্সিলরদের অগ্রাধিকারক্রমে তিন সদস্য বিশিষ্ট প্যানেল মেয়র নির্বাচিত হবে। অনুপস্থিত কিংবা অসুস্থ্ বা অন্য কোনো কারণে মেয়র দায়িত্ব পালনে অসমর্থ হলে বা পদত্যাগ, অপসারণ অথবা মৃত্যুজনিত কারণে মেয়রের পদ শূন্য হলে জেষ্ঠতার ক্রমানুসারে মেয়রের প্যানেলের কোনো সদস্য মেয়রের দায়িত্ব পালন করবেন।

এক্ষেত্রে বর্তমানে রাজশাহী সিটি কর্পোরেশনে মেয়রের প্যানেলের তিন সদস্য হলেন, কাউন্সিলর আনোয়ারুল আমিন আযব, কাউন্সিলর নুরুজ্জামান টিটো এবং নুরুন নাহার। এদের মধ্যে কাউন্সিলর আযব নাশকতার মামলায় বর্তমানে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন। একই কারণে কাউন্সিলর টিটো গ্রেফতার এড়াতে পলাতক রয়েছেন। ফলে বেগম নূরুন্নাহার মেয়র প্যানেলের সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পাওয়ার কথা।

অপরদিকে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু দায়িত্ব পাচ্ছেন, এ ধরনের আলোচনা রয়েছে সর্বত্র। নগর ভবনে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা রয়েছে। বেশকিছু দিন ধরে এ ধরনের গুঞ্জনও রয়েছে নগরীতে।

একটি সূত্রের দাবি, কামরু কাউন্সিলর হিসেবে সফল। তিনি দুবার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তবে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে তার দায়িত্ব পাওয়ার ব্যাপারে সংশ্লিষ্ট সূত্র কোনো নিশ্চিত তথ্য দিতে পারে নি।

এ ব্যাপারে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা আজাহার আলী জানান, ভারপ্রাপ্ত মেয়রের মনোনয়ন সংক্রান্ত কোনো নির্দেশ বা প্রজ্ঞাপন তিনি পান নি। বিষয়টি গোপন করার কিছু নেই বলে জানান তিনি। তিনি বলেন, এ ধরনের কোনো নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে পেলে আমরা অবশ্যই তা দ্রুত কার্যকর করবো।

উল্লেখ্য, নাশকতার মামলার দায়ে গত ৭ মে স্থানীয় সরকার মন্ত্রণালয় রাসিকের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে সাময়িক বরখাস্ত করে। বুলবুলের বিরুদ্ধে পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ রায় হত্যাসহ অন্তত ১৭টি মমলা বিচারাধীন রয়েছে। চারটি মামলার অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। এসব মামলায় গ্রেফতার এড়াতে পলাতক রয়েছেন তিনি।

শাহরিয়ার অনতু/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।