জাতীয় ফুটবল কোচ

বাফুফের প্রথম পছন্দ কোলম্যান, সিদ্ধান্ত আটকে আছে বাজেটে

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:৩৪ পিএম, ১৩ মে ২০২৬

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালের ঘোষণামতে, শুক্রবারের মধ্যেই জাতীয় দলের প্রধান কোচের নাম চূড়ান্ত করার কথা। প্রায় পৌনে তিনশত আবেদন থেকে তালিকা ছোট করতে করতে এখন পাঁচজনে নেমে সিদ্ধান্ত আটকে আছে।

ছোট্ট তালিকার শীর্ষে আছেন ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যান। কোলম্যান ক্লাব ফুটবলে ম্যানচেস্টার সিটির হয়ে খেলেছেন এবং কোচ হিসেবে রিয়াল সোসিয়েদাদ, সান্ডারল্যান্ড ও ফুলহ্যামের মতো ক্লাবে কাজ করার অভিজ্ঞতা আছে তার। এই কোচকেই বাফুফের মনে ধরেছে।

মনে ধরলেই তো হবে না। হাই প্রোফাইল এই কোচকে দায়িত্ব দিতে হলে বাফুফেকে গুনতে হবে অঢেল অর্থ। বাফুফে সূত্রে জানা গেছে, ৩০ হাজার ডলারের কাছাকাছি বেতন চেয়েছেন কোলম্যান। শর্ত হিসেবে আছে, সহকারী কোচও তার পছন্দের হতে হবে।

বুধবার বিকেলে বাফুফের ন্যাশনাল টিমস কমিটি জুম মিটিং করে কোচ নিয়োগের বিষয়ে আলোচনা করেছে। সেখানে বেশিরভাগ সদস্যই মত দিয়েছেন কোলম্যানের বিষয়ে। তবে বাজেটের কারণে কোনো সিদ্ধান্তে আসতে পারেনি কমিটি।

সাফ চ্যাম্পিয়নশিপ সেপ্টেম্বরে হওয়ার কথা ছিল বলে কোচ নিয়োগ দ্রুতই করতে চেয়েছিল বাফুফে। তবে সাফ দুই মাস পিছিয়ে চলে গেছে নভেম্বরে। ৫ জুন সান মারিনোর বিপক্ষে ম্যাচের পর জাতীয় দলের নিকট ভবিষ্যতে কোনো খেলা নেই। তাহলে এত বাজেটের কোচ এনে বসিয়ে রেখে লাভ কী?

বুধবারের সভায় এমন কথাও উঠেছিল। তবে সভাপতি তাবিথ আউয়াল এখনই কোচ নিয়োগ দিতে চান। নতুন কোচ ঘরোয়া ফুটবল দেখে দেখে খেলোয়াড় বাছাই করবে ভবিষ্যত জাতীয় দলের জন্য-এমন পরিকল্পনাই করছে বাফুফে।

কোলম্যানের সঙ্গে চূড়ান্ত কথা বলতে হলে বাফুফেকে আগে বাজেটের ব্যবস্থা করতে হবে। এর আগে বাফুফে কর্মকর্তারা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হাকের সাথে দেখা করে কোচের জন্য অর্থায়নের সহযোগিতা চেয়েছেন। ক্রীড়া প্রতিমন্ত্রী সম্মতও হয়েছেন।

বৃহস্পতিবার সকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক তুরস্ক থেকে দেশে ফিরবেন। প্রতিমন্ত্রী ফিরলে বাফুফে সভাপতি আবার তার সাথে দেখা করবেন এবং কোলম্যানের চাহিদার কথা জানাবেন।

ওয়েলশের সাবেক এই কোচকে নিয়োগ দেওয়ার মতো অর্থ সংগ্রহ হলে বাফুফে আর বিকল্প কিছু ভাববে না। তবে টাকার সংকুলান করতে না পারলে তার পরিবর্তে শর্ট লিস্টে থাকা অন্যদের সাথে আলোচনা শুরু করবে বাফুফে।

স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার সাথে বাফুফের চুক্তি শেষ হয়েছে ৩০ এপ্রিল। জাতীয় ফুটবল দলের কোচ নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়ার পর বিপুল সাড়া পড়েছিল। রেকর্ড প্রায় পৌনে তিনশত আবেদন পড়েছিল হামজাদের কোচ হওয়ার জন্য।

এর মধ্যে ছিলেন ব্রাজিলকে অলিম্পিকে স্বর্ণ জেতানো কোচ রোজেরিও। তবে তিনি এরই মধ্যে নিজ দেশের দ্বিতীয় বিভাগের লন্ড্রিনা এসপোর্ত ক্লাবের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন। ৫৫ বছর বয়সী কোলম্যানের পাশাপাশি সমানভাবে আলোচনায় হাঙ্গেরির সাবেক জার্মান কোচ বার্নড স্টর্ক।

আরআই/এমএমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।