অবকাঠামো উন্নয়নে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে: মেয়র শাহাদাত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৯:৩২ পিএম, ১৩ মে ২০২৬
চট্টগ্রাম সিটি করপোরেশন কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সেমিনার/ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের অবকাঠামো উন্নয়নে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেছেন সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, প্রচলিত ধারণার বাইরে গিয়ে বৈজ্ঞানিক ও আধুনিক পদ্ধতি প্রয়োগের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে।

বুধবার (১৩ মে) নগরের টাইগারপাসে চট্টগ্রাম সিটি করপোরেশন কার্যালয়ের সম্মেলনকক্ষে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ কথা বলেন। সড়কের নির্মাণকাজে রড উৎপাদনের সময় উৎপন্ন ‘স্ল্যাগ’ ব্যবহারের সম্ভাবনা নিয়ে এ সেমিনারটি হয়। আয়োজন করে রড উৎপাদনকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম)।

সেমিনারে জানানো হয়, স্ল্যাগ হলো ধাতু গলানো বা নিষ্কাশনের সময় উৎপন্ন এক ধরনের অবশিষ্ট পদার্থ, যা ধাতব অক্সাইড ও সিলিকন ডাই-অক্সাইডের মিশ্রণে তৈরি হয়। এটি পরিবেশবান্ধব এবং সড়ক ও অবকাঠামো নির্মাণে বিকল্প উপকরণ হিসেবে ব্যবহারযোগ্য।

মেয়র বলেন, শহরের সড়ক, সেতু ও অন্যান্য অবকাঠামো নির্মাণে শুধু গতানুগতিক পদ্ধতিতে আটকে থাকলে চলবে না। প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নতুন ধারণা ও কৌশল ব্যবহার করতে হবে। এতে খরচ কমবে, পাশাপাশি পরিবেশবান্ধব উন্নয়নও সম্ভব হবে।

সেমিনারে বিএসআরএমের প্রতিনিধিরা স্ল্যাগ ব্যবহারের সুবিধা, স্থায়িত্ব ও পরিবেশগত প্রভাব নিয়ে উপস্থাপনা দেন।

অনুষ্ঠানে চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) ফরহাদুল আলম, মোহাম্মদ শাহীন-উল ইসলাম চৌধুরী, জসিম উদ্দিন ও আবু সাদাত তৈয়বসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমআরএএইচ/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।