কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে যশোরে ৭০০ বস্তা ছোলা মজুদ
যশোরের ঝুমঝুমপুর বিসিক শিল্প এলাকার মাইসা ডাল ও অয়েল মিলে ৭০০ বস্তা ছোলা মজুদ করে রমজানে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করা হচ্ছিল।
এ খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে যশোর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছেন। আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান এ অভিযানের নেতৃত্ব দেন।
আদালতের পেশকার জালাল উদ্দিন জানান, বেশি মুনাফার লোভে রমজানে ছোলার কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে বাজার অস্থিতিশীল করতে ঝুমঝুমপুর বিসিক শিল্প এলাকার মাইসা ডাল ও অয়েল মিলে ৭০০ বস্তা ছোলা মজুদ করে রাখা হয়।
গোপন খবর পেয়ে সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। ঘটনার প্রমাণ পেয়ে অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর ৩ ধারা অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর যশোরের সহকারী পরিচালক সোহেল শেখসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রমজানকে ঘিরে যশোরের বাজারে ছোলা ও চিনির দাম বেড়ে যায়। এখানে প্রতি কেজি ছোলা ৮৫ থেকে ৯০ টাকা দরে বিক্রি হচ্ছে। অথচ এক মাস আগেও ৭০ থেকে ৭৫ টাকা দরে ছোলা বিক্রি হতে দেখা যায়।
একইভাবে ৬৫ টাকার চিনি বিক্রি হচ্ছে ৭০ টাকা। এ নিয়ে গণমাধ্যমে ধারাবাহিক সংবাদ প্রকাশ করায় অভিযানে নামে যশোর প্রশাসন। বৃহস্পতিবার বিসিেিকর মাইসা ডাল ও অয়েল মিলে ৭০০ বস্তা ছোলা মজুদ দেখতে পায়।
মিলন রহমান/এএম