অ্যামাজন
এআই খাতে রেকর্ড বাজেট, কর্মী ছাঁটাইয়ের হিড়িক ওয়াশিংটন পোস্টে
চলতি বছর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবোটিক্স খাতে প্রায় ২০০ বিলিয়ন ডলার বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করেছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যামাজন।
প্রযুক্তি খাতে বড় বিনিয়োগের ঘোষণা দিলেও জেফ বেজোসের মালিকানাধীন ওয়াশিংটন পোস্ট সংবাদপত্রের প্রায় এক-তৃতীয়াংশ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেওয়া হয়েছে।
অ্যামাজনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যান্ডি জ্যাসি এক বিবৃতিতে জানিয়েছেন, এআই, চিপস, রোবোটিক্স ও লো-আর্থ অরবিট স্যাটেলাইটের মতো খাতে বিপুল সম্ভাবনা দেখেই এই বিনিয়োগ বাড়ানো হচ্ছে।
তার ভাষায়, আমাদের বিদ্যমান সেবাগুলোর শক্তিশালী চাহিদা এবং এআইয়ের মতো যুগান্তকারী সুযোগ বিবেচনায় নিয়ে ২০২৬ সালে আমরা প্রায় ২০০ বিলিয়ন ডলার মূলধনি ব্যয় করার পরিকল্পনা করছি।
গত বছর অ্যামাজনের মূলধনি ব্যয় ছিল প্রায় ১২৫ বিলিয়ন ডলার। বিশ্লেষকদের ধারণা ছিল, এ বছর বিনিয়োগ বাড়লেও তা ১৪৭ বিলিয়ন ডলারের আশপাশে থাকবে। তবে ঘোষিত বিনিয়োগ পরিকল্পনা প্রত্যাশার চেয়ে অনেক বেশি।
অ্যামাজন জানিয়েছে, তাদের চতুর্থ প্রান্তিকের (কিউ-৪) আয় দাঁড়িয়েছে ২১৩ দশমিক ৪ বিলিয়ন ডলার যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৪ শতাংশ বেশি।
তবে শেয়ারপ্রতি আয় (ইপিএস) বিশ্লেষকদের প্রত্যাশার তুলনায় সামান্য কম হওয়ায় বাজারে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। ফলে এমন ঘোষণার পর শেয়ারবাজারে অ্যামাজনের শেয়ার প্রায় ৯ শতাংশ পর্যন্ত কমেছে।
এই সময়ের মধ্যে অ্যামাজনের ক্লাউড সেবা বিভাগ অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিওএস)-এর আয় বেড়ে দাঁড়িয়েছে ৩৫ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার। এছাড়া বিজ্ঞাপন খাতের আয়ও ২২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এদিকে, ওয়াশিংটন পোস্টে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন পত্রিকাটির সাবেক নির্বাহী সম্পাদক মার্টি ব্যারন। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এ ধরনের সিদ্ধান্ত পত্রিকাটিকে ‘ডেথ স্পাইরাল’-এর দিকে ঠেলে দিতে পারে। এক্ষেত্রে কর্মী ছাটাইয়ের কারণে সংবাদপত্রের মান ক্ষতিগ্রস্ত হবে এবং এর ফলে গ্রাহকও কমে যাবে।
সূত্র: দ্য গার্ডিয়ান
কে এম