যশোর ছাত্রলীগের দুই পদের মনোনয়ন বিক্রি শুরু ৩ জুন


প্রকাশিত: ০২:০৭ পিএম, ০২ জুন ২০১৭

আগামী ১০ জুলাই যশোর জেলা ছাত্রলীগের সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। প্রত্যক্ষ ভোটে আগামী দিনের নেতৃত্ব নির্বাচন হবে বলে আশাবাদী তৃণমূল।

৩ জুন থেকে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদের মনোনয়নপত্র বিক্রি শুরু হবে। আগামী ১৫ জুনের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান করা যাবে।

শুক্রবার বিকেলে আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলনে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল এসব তথ্য জানান।

আনোয়ার হোসেন বিপুল বলেন, ছয় বছর পর জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১০ জুলাই সম্মেলন জাকজমকপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে ২০টি ইউনিটের মধ্যে ১৫টি কমিটি গঠন সম্পন্ন হয়েছে। বাকি আছে চৌগাছা, কেশবপুর, মণিরামপুর, বাঘারপাড়া পৌরসভা ও যশোর পলিটেকনিক ইন্সটিটিউট ইউনিট। সম্মেলনের আগে ওই সব ইউনিটের কমিটি করার চেষ্টা চলছে। জেলা ছাত্রলীগের সম্মেলনে ৫৪০ জন কাউন্সিলর ভোট দেবেন।

তিনি আরও বলেন, আগামী ১০ জুলাই সম্মেলন উপলক্ষে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। ৩ জুন হতে ১৫ জুনের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীরা মনোনয়নপত্র ক্রয় ও জমাদান করতে পারবেন। জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে দুই হাজার টাকার বিনিময়ে মনোয়নপত্র ক্রয় করা যাবে। আগামী ৫ জুলাই নির্বাচন পরিচালনা উপ-কমিটি মনোনয়নপত্র যাচাই বাছাই করে বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করবে।

আনোয়ার হোসেন বিপুল বলেন, সুষ্ঠু ও সুন্দরভাবে সম্মেলন সফল করার ৯টি উপ-কমিটি গঠন করা হয়েছে। সম্মেলন সফল করার সকল প্রস্তুতি নেয়া হয়েছে। যদি কেউ বিশৃংখলার চেষ্টা করে, তবে তার দায়ভার ছাত্রলীগ নেবে না। বিশৃংখলাকারীদের দায় তাদের নিজেকে বহন করতে হবে। আমরা চাই প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করা হবে। তবে সমঝোতার ভিত্তিতে কমিটি হলে তখন ভোটের প্রয়োজন হবে না। সম্মেলন সফল করার জন্য সাংবাদিকদের সহযোগিতা চান জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি ও যশোর জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা আনোয়ার হোসেন আনু বলেন, গঠনতন্ত্র অনুযায়ী নিয়মিত ছাত্র ও দলের নিবেদিত কর্মীরা যাতে নেতৃত্বে আসে সেই ব্যবস্থা করা হবে। কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে নেতা নির্বাচিত হবে। বিগত দিনে জেলা ছাত্রলীগের সম্মেলন নিয়ে প্রশ্ন কিংবা সংশয় থাকতে পারে। এবারের সম্মেলনে যাতে কোনো প্রশ্ন না উঠে সেই পদক্ষেপ নেয়া হবে। এজন্য সকলের সহযোগিতা চাই।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জামাল হোসেন ও মনোয়ার হোসেন ইমন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান কবীর শিপলু, আইন বিষয়ক সম্পাদক মাহমুদ কবীর কাকন, এমএম কলেজ ছাত্রলীগের সভাপতি রওশন ইকবাল শাহী প্রমুখ।

মিলন রহমান/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।