মায়ের সঙ্গে অভিমান করে ছেলের আত্মহত্যা


প্রকাশিত: ১১:৩৮ এএম, ০৪ জুন ২০১৭

গাজীপুরের শ্রীপুরে ঋণের টাকা পরিশোধ করতে না পেরে মায়ের সঙ্গে অভিমান করে এক নরসুন্দর (নাপিত) আত্মহত্যা করেছেন। তার নাম রফিকুল ইসলাম (৩০)। তিনি শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের ভিটিপাড়া গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে।

শ্রীপুর মডেল থানা পুলিশের এসআই লুৎফর রহমান বলেন, শ্রীপুর পৌর এলাকার রঙ্গিলা বাজার এলাকায় নিজের সেলুনে নরসুন্দরের (নাপিত) কাজ করত রফিকুল ইসলাম। বেশকিছুদিন আগে সে স্থানীয় সুরুজসহ কয়েক ব্যক্তির কাছ থেকে সুদে টাকা ধার নেয়।

গত কয়েকদিন ধরে ঋণের টাকা পরিশোধের জন্য স্থানীয় পাওনাদার দুই ব্যক্তি তাকে চাপ দিচ্ছিল। মায়ের কাছে জমানো কিছু টাকা আছে জানতে পেরে রফিক ঋণের ওই টাকা পরিশোধের জন্য তার মায়ের কাছে টাকা দাবি করে।

কিন্তু টাকা দিতে অপারগতা প্রকাশ করলে শনিবার রাতে রফিকের সঙ্গে তার মায়ের ঝগড়াঝাটি ও বাক-বিতণ্ডা হয়। এতে মায়ের সঙ্গে অভিমান হয় রফিকের।

এ ঘটনার পর রাতে বাড়ির সবাই ঘুমিয়ে পড়ে। একপর্যায়ে মায়ের সঙ্গে অভিমান করে রাতেই ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে রফিক আত্মহত্যা করে। খবর পেয়ে রোববার দুপুরের দিকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।

এদিকে নিহতের স্ত্রী রাবেয়া আক্তারের অভিযোগ, তার স্বামী আত্মহত্যা করেনি। মায়ের কাছে টাকা চাওয়ার কারণে তাকে হত্যা করা হয়েছে।

মো. আমিনুল ইসলাম/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।