রগকাটা সন্ত্রাসীদের বিচার চাইলেন সালাম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ১১:৪০ এএম, ০৫ জুন ২০১৭

হাত-পায়ের কাটা রগের ব্যান্ডেস নিয়ে সংবাদ সম্মেলন করে সন্ত্রাসীদের বিচার চাইলেন যশোরের চৌগাছা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের আবদুস সালাম ওরফে আশরাফ আলী। সোমবার দুপুরে প্রেসক্লাব যশোর মিলনায়তনে অসুস্থ অবস্থায় এসে এ সংবাদ সম্মেলন করেন তিনি।

তিনি জানান, যশোরের চৌগাছা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মাবুদ মিয়া ও তার সহযোগীরা আব্দুস সালাম ওরফে আশরাফ আলীর হাত পায়ের রগ কেটে দিয়ে প্রায় চার লাখ টাকা ছিনতাই করে নিয়েছেন।

এ ঘটনায় চৌগাছা থানায় মামলা হয়েছে। মামলা করা হলেও আসামিরা ধরাছোঁয়ার বাইরে রয়েছে। পুলিশ আসামিদের গ্রেফতার করছে না। উল্টো আসামিরা মামলা তুলে নিতে নানাভাবে হুমকি-ধামকি দিচ্ছে। আসামিদের হুমকিতে পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতা ভুগছে।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে আশরাফ আলী জানান, গত ২৯ এপ্রিল আশরাফ আলী নগদ তিন লাখ ৮৫ হাজার টাকা নিয়ে চৌগাছা বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে সুখপুকুরিয়া গ্রামের ঠাকুরদরগা নামক স্থানে একই গ্রামের মাবুদ মিয়া ও তার সন্ত্রাসীরা তার হাত ও পায়ের রগ কেটে টাকা লুট করে নেয়।

এ সময় তার সঙ্গে থাকা স্ত্রী সালমা বেগমকেও মারপিট করা হয়। গুরুতর আহত অবস্থায় আশরাফ আলীকে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে যশোর জেনারেল হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎস ঢাকা মেডিকেল কলেজ হাসাপালে পাঠায়। এ ঘটনার পরদিন আশরাফ আলীর ছোট ভাই ইসরাফিলের স্ত্রী সাবিনা খাতুন চৌগাছা থানায় একটি মামলা করেন।

তবে ঘটনার প্রায় দেড় মাসে মাত্র একজন আসামিকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতার মিলনও জামিনে বেরিয়ে এসেছেন। বর্তমানে সন্ত্রাসীরা মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। অন্যথায় তাদের হত্যা করা হবে বলে ঘোষণা দিয়েছে।

তিনি অভিযোগ করেন, আসামিদের হুমকিতে আমার ছেলে নবম শ্রেণিতে পড়ুয়া নিশাতের স্কুল বন্ধ হয়ে গেছে। সে ভয়ে স্কুলে যেতে পারছে না।

এ সময় উপস্থিত ছিলেন তার ছোট ভাই মুনিরুজ্জামান, ভাইয়ের স্ত্রী সাবিনা খাতুন, ছেলে মহিদুল ইসলাম নিশাত প্রমুখ।

মিলন রহমান/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।