ভারতে পাচার হওয়া ৩১ নারী-শিশুকে হস্তান্তর


প্রকাশিত: ০১:২২ পিএম, ০৭ জুন ২০১৭
ফাইল ছবি

মিথ্যা চাকরির আশ্বাসে ও ভালো কাজের প্রলোভনে ভারতের মহারাষ্ট্রে পাচার হওয়া ২৮ তরুণী ও তিন শিশুকে ৩ বছর পর বেনাপোল দিয়ে বাংলাদেশে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।

বুধবার বিকেলে ট্রাভেল পারমিটের মাধ্যমে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ও বিএসএফ তাদেরকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ ও বিজিবির কাছে হস্তান্তর করেন। ফেরত আসা তরুণীরা যশোর খুলনা, মাগুরা, ফরিদপুর, নড়াইল, কুমিল্লা ও ঢাকা এলাকার।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি ওমর শরিফ জানান, আড়াই থেকে তিন বছর আগে বিভিন্ন সময়ে মিথ্যা চাকরির আশ্বাসে ও ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার হয়ে যায় এই ৩১ নারী শিশু। বাসাবাড়ি, বিউটি পার্লার, হোটেলসহ বিভিন্নস্থানে কাজে নিয়োজিত থাকা অবস্থায় এরা পুলিশের হাতে আটক হয়। পরে এসব বাংলাদেশিদের ঠাঁই হয় রেসকিউ নামে একটি মানবাধিকার আশ্রমে।

সেখান থেকে দুদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে দেশে ফেরে তারা। বিকেলে তাদেরকে পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে তাদের ঢাকা আহছানিয়া মিশনের জিম্মায় দেয়া হয় বলে জানান তিনি।

মিলন রহমান/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।