ওসির অসামাজিক কর্মকাণ্ড জেনে ফেলায় যুবককে নির্যাতন
বরিশালের আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) অসামাজিক কর্মকাণ্ডের খবর জেনে ফেলায় এক যুবককে থানায় আটকে রেখে নির্যাতন করার অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার যুবকের নাম রাসেল পাইক (২৮)। জানা যায়, শুক্রবার দুপুর ১২টার দিকে নির্যাতনের এ ঘটনা ঘটে। পরে গুরুত্বর আহত অবস্থায় ওই যুবককে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহত রাসেলের বোন মাহমুদা বেগম জানান, উপজেলার গৈলা হাসপাতালের সামনে থেকে ওসি মনিরুল ইসলামসহ পুলিশের কয়েকজন সদস্য তার ভাই রাসেলকে তুলে নিয়ে যায়। পরে থানায় নিয়ে তার (ওসি) কক্ষের দরজা বন্ধ করে লাঠি দিয়ে পেটাতে থাকেন। এতে রাসেলের হাত ভেঙ্গে যায়। এক পর্যায়ে নির্যাতন সহ্য না করতে পেরে রাসেল অজ্ঞান হয়ে পড়ে।
প্রতিবেশিরা খবর দিলে রাসেলকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য শেরে বাংলা মেডিকেল কলেজ হসপাতালে ভর্তি করা হয় বলে জানান মাহমুদা বেগম।
হাসপাতালে চেতনা ফিরে আসলে রাসেল পাইক জানান, ওসি মনিরুল ইসলাম স্থানীয় এক নারীর সঙ্গে অসামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। ঘটনাটি তিনি (রাসেল) জেনে ফেলেন এবং এর প্রমাণও রয়েছে তার কাছে। বিষয়টি ওসি টের পেয়ে থানায় তুলে নিয়ে এ নির্যাতন চালায়।
অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ অস্বীকার করে আগৈলঝাড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, রাসেল একটি মেয়েকে কয়েক দিন ধরে উত্যক্ত করে আসছিলেন। ওই মেয়ে থানায় মৌখিকভাবে জানালে রাসেলকে ডেকে এনে সতর্ক করা হয়েছে মাত্র। রাসেলের শরীরে আঘাতের ব্যাপারে ওসি জানান, তিনি হয়তো কোনো দুর্ঘটনায় আহত হয়েছেন।
সাইফ আমীন/এসকেডি/বিএ/পিআর