আমদানি কম, দাম শুনে হতাশ ক্রেতারা
রাজশাহী মহানগরীসহ এর আশপাশে থাকা বিভিন্ন বাজারে উঠতে শুরু করেছে রসালো ফল লিচু। গ্রীষ্ম মৌসুমের প্রথম ফল হওয়ায় বাজারে লিচুর আমদানি কিছুটা কম। তাই বাজারে লিচুর দামটাও আকাশচুম্বি। শুধু তাই নয় মধ্যবিত্ত ও নিম্ন আয়ের অনেক মানুষ বাজারে এসে দাম শুনে অনেকেই হতাশ হয়ে ফিরছেন বাড়িতে। আর ক্রেতাদের মধ্যে কেউ কেউ বেশী দামে লিচু কিনে পরিবারের সদস্যদের কাছে মুখ রক্ষা করছেন।
তবে বিক্রেতারা বলছেন, আমদানি কম হওয়ায় তাদের লিচু বেশি দামে কিনতে হচ্ছে। তাই তারা বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। আর কিছুদিন পরে দেশের বিভিন্ন জেলাগুলো থেকে লিচু আমদানি শুরু হলে দাম কিছুটা কমবে বলে আশা প্রকাশ করছেন তারা।
মহানগরীর সাহেব বাজার, শালবাগান, কোর্ট বাজারসহ বিভিন্ন বাজারে গিয়ে দেখা গেছে, ব্যবসায়ীরা লিচুর পসরা নিয়ে বসেছেন। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত বসে থেকে যে পরিমাণ লিচু বিক্রির আশা করছেন, দাম বেশি হওয়ায় অনেক ক্রেতাই শুধু দাম শুনেই চলে যাচ্ছেন। আর যে সমস্ত ক্রেতারা লিচু কিনছেন, পরিমাণে কম হওয়ায় তাদের বিক্রির লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে না। এ কারণে অনেক বিক্রেতাই হতাশ হয়ে বসে থাকছেন।
মহানগরীর সাহেব বাজার এলাকার লিচু ব্যবসায়ী আমিনুল জাগো নিউজকে জানান, তিনি বেশ কয়েক বছর ধরে মৌসুমী এ ব্যবসার সঙ্গে জড়িত। কিন্তু এবার শুরুতেই লিচুর দামটা আকাশচুম্বি হওয়ায়, ক্রেতারা শুধু দাম শুনেই চলে যাচ্ছেন। আমদানি কম ও প্রাকৃতিক দুর্যোগের বাহানায় বাগান মালিক ও পাইকারি ব্যবসায়ীরা লিচুর দাম বাড়িয়ে দিয়েছেন। তাই খুচরা বিক্রেতাদের অনেকটাই বাধ্য হয়েই বেশি দামে লিচু কিনতে হচ্ছে।
বর্তমানে খুচরা এসব লিচু প্রতি একশ পিস বিক্রি হচ্ছে ২৬০ থেকে ৩০০ টাকায়। টানা কয়েকদিন প্রচণ্ড রোদের কারণে আগেই এসব লিচু এসেছে। এখন স্বাদে টক হলেও বিক্রি হচ্ছে। অনেকে শখ করে বছরের নতুন ফল কিনছেন বলে জানান বিক্রেতারা।
আর নগরীর কোট বাজারে লিচু কিনতে আসা ইয়াহিয়া সরকার জাগো নিউজকে জানান, তিনি প্রতিবারের মতো এ বছরও বাজারে লিচু কিনতে এসেছেন। কিন্তু গত বছরের তুলনায় এ বছর লিচুর দাম অনেক বেশি মনে হচ্ছে তার কাছে। শুধু তাই নয় লিচুগুলো টক ও আকারেও অপরিপক্ক। দাম নিয়ে তিনি দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, দামের কথা আর জিজ্ঞেস করবেন না। দেশে কোন কিছুরই দাম সাধারণ ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে নেই। শুধু লিচু না, বাজারে আসা সব ফলের দামই আকাশচুম্বি। তাই কিছুদিন পর লিচুর আমদানি বাড়লে দাম সাধারণ ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে আসবে।
শাহরিয়ার অনতু/এমজেড/এমএস