গাজীপুরে ট্রেন লাইনচ্যুতের ঘটনায় তদন্ত কমিটি, চালক বরখাস্ত


প্রকাশিত: ০১:১১ পিএম, ১৪ জুন ২০১৭

চালকের ভুলে গাজীপুরের পুবাইল রেলস্টেশনের কাছে মালবাহি কনটেইনার ট্রেনের ইঞ্জিন ও ৭ বগি লাইনচ্যুতির ঘটনা ঘটেছে। বুধবার ভোরের এ ঘটনায় রেলওয়ের পক্ষ থেকে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তাৎক্ষণিকভাবে ট্রেনের চালক ও সহকারী চালককে সাময়িক বরখাস্ত করা হয়।

বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মো. আরিফুজ্জামান জামান জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মালবাহী কনটেইনার ট্রেনটি পুবাইল স্টেশনে যাত্রাবিরতি করার কথা। সে মোতাবেক সিগন্যালও দেয়া হয়েছিল। কিন্তু চালকের অসতর্কতা ও গাফিলতির কারণে এ দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে প্রতিয়মান হয়েছে। এতে ওই ট্রেনের চালক মোস্তাফিজুর রহমান ও সহকারী চালক জসিম উদ্দিনকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তারপরও দুর্ঘটনার কারণ তদন্ত করতে রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা মাহবুবুর রহমনকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অপর সদস্যরা হলেন বিভাগীয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার জায়দুল ইসলাম, বিভাগীয় রেলওয়ে প্রকৌশলী মো. আব্দুস সালাম ও বিভাগীয় সিগন্যাল (টেলিকম) প্রকৌশলী তারেক শামস তুষার।

তিনি জানান, স্টেশনের সিগন্যাল অমান্য করে কোনো চালক ট্রেনকে এগিয়ে নিয়ে যেতে থাকলে স্বয়ংক্রিয়ভাবেই সিগন্যাল পার হবার সঙ্গে সঙ্গে ট্রেনটি দুর্ঘটনায় পতিত হবে। এখানে কারও কিছু করার থাকে না। তা নাহলে ওই ট্রেনটি সিগন্যাল পার হয়ে গিয়ে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে।

এদিকে পুবাইলে ট্রেন লাইনচ্যুতির পর অপর লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক থাকে। দুর্ঘটনায় প্রায় ১০০ ফুটের মতো লাইন ক্ষতিগ্রস্ত হয়।

এ ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পর ঢাকা এবং আখাউড়া থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। বিকেল সাড়ে ৪টার দিকে রিলিফ ট্রেন দুটি ওই এলাকা ত্যাগ করলে দুটি লাইনেই ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যায়।

মো. আমিনুল ইসলাম/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।